বিশ্বকাপের মতো ফুটবলের সর্বোচ্চ মঞ্চে যখন শিরোপার লড়াই তুঙ্গে থাকে, তখন মাঠ ও মাঠের বাইরে খেলোয়াড়দের মেজাজ হারিয়ে ফেলা খুব স্বাভাবিক একটি ঘটনা। আর ঠিক এ জায়গাতেই আবেগকে নিয়ন্ত্রণে রেখে যারা সেরা আচরণের পরিচয় দেয়, তাদের হাতেই ওঠে বিশ্বকাপের মর্যাদাপূর্ণ ‘ফেয়ার প্লে অ্যাওয়ার্ড’।
সদ্য সমাপ্ত বিশ্বকাপে ‘ফেয়ার প্লে অ্যাওয়ার্ড’ অর্জন করেছে নেদারল্যান্ডস। ফুটবলের এ বৈশ্বিক মহাযজ্ঞে যেসব দল অসাধারণ খেলোয়াড়সুলভ আচরণ ও টুর্নামেন্টজুড়ে সেরা শৃঙ্খলার রেকর্ড বজায় রাখে, তাদেরকেই সম্মানজনক এ পুরস্কার দেওয়া হয়।
চলতি বিশ্বকাপে ডাচরা ‘এফ’ গ্রুপের শীর্ষে থেকে নকআউট পর্বে নিজেদের স্থান নিশ্চিত করেছিল। তবে শেষ ৩২-এর রোমাঞ্চকর লড়াইয়ে মরক্কোর কাছে পেনাল্টি শুটআউটে হেরে বিদায় নিতে হয় তাদের।
পুরো টুর্নামেন্টে খেলা চার ম্যাচে নেদারল্যান্ডসের খেলোয়াড়েরা একটি লাল কার্ড তো পানইনি, বরং হলুদ কার্ড দেখেছেন মাত্র তিনটি।
বিশ্বকাপের ইতিহাসে এটিই নেদারল্যান্ডসের প্রথম ফেয়ার প্লে অ্যাওয়ার্ড অর্জন। ফুটবলের এই মেগা ইভেন্টে সর্বোচ্চ চারবার এই ফেয়ার প্লে অ্যাওয়ার্ড জয়ের একক রেকর্ডটি ধরে রেখেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।
এক নজরে বিশ্বকাপে ফেয়ার প্লে অ্যাওয়ার্ড জয়ী দলসমূহ:
২০২৬: নেদারল্যান্ডস
২০২২: ইংল্যান্ড
২০১৮: স্পেন
২০১৪: কলম্বিয়া
২০১০: স্পেন
২০০৬: ব্রাজিল ও স্পেন
২০০২: বেলজিয়াম
১৯৯৮: ইংল্যান্ড ও ফ্রান্স
১৯৯৪: ব্রাজিল
১৯৯০: ইংল্যান্ড
১৯৮৬: ব্রাজিল
১৯৮২: ব্রাজিল
১৯৭৮: আর্জেন্টিনা
১৯৭৪: পশ্চিম জার্মানি
১৯৭০: পেরু
সূত্র: ইএসপিএন
আইটি ল্যাব সলিউশন্স লি.