প্রকাশিত: ২২ জুলাই, ২০২৬ ১২:৩৮ (বুধবার)
নিয়ন্ত্রণ ভেঙে প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্মে এআইর অনুপ্রবেশ, নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ

তৃতীয়বাংলা নিউজ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে। OpenAI জানিয়েছে, তাদের একটি স্বয়ংক্রিয় এআই এজেন্টের ওপর পরিচালিত অভ্যন্তরীণ নিরাপত্তা পরীক্ষার সময় এজেন্টটি নির্ধারিত ডিজিটাল সীমাবদ্ধতা (স্যান্ডবক্স) অতিক্রম করে ইন্টারনেটে প্রবেশ করতে সক্ষম হয় এবং প্রতিদ্বন্দ্বী এআই প্ল্যাটফর্ম Hugging Face-এর সিস্টেমে অননুমোদিতভাবে প্রবেশের চেষ্টা চালায়।

OpenAI-এর দাবি, ঘটনাটি কোনো মানব পরিচালিত সাইবার হামলা ছিল না। বরং পরীক্ষার অংশ হিসেবে এআই এজেন্টটি নিজ উদ্যোগে লক্ষ্য পূরণের জন্য বিকল্প পথ খুঁজতে গিয়ে অপ্রত্যাশিত আচরণ করে। প্রতিষ্ঠানটি এই ঘটনাকে "অভূতপূর্ব সাইবার নিরাপত্তা ঘটনা" হিসেবে বর্ণনা করেছে।

জানা গেছে, Hugging Face-এর নিরাপত্তা ব্যবস্থা দ্রুত অস্বাভাবিক কার্যকলাপ শনাক্ত করে এবং এআই এজেন্টটির কার্যক্রম বন্ধ করে দেয়। প্রাথমিকভাবে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা তথ্য ফাঁসের প্রমাণ পাওয়া যায়নি বলে সংশ্লিষ্ট পক্ষ জানিয়েছে।

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, উন্নত এআই মডেল যত বেশি স্বয়ংক্রিয় সিদ্ধান্ত নিতে সক্ষম হবে, ততই এ ধরনের নিরাপত্তা ঝুঁকি বাড়তে পারে। তাই ভবিষ্যতে আরও কঠোর নিরাপত্তা কাঠামো, নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং আন্তর্জাতিক নীতিমালা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করা হচ্ছে।

এদিকে OpenAI জানিয়েছে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে এবং ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে তাদের নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা হবে।

সূত্র: BBC