প্রকাশিত: ৩০ জুলাই, ২০২৬ ০৩:৩৪ (বৃহস্পতিবার)
সিলেটের পাঁচ উপজেলায় এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’

তৃতীয়বাংলা ডেস্ক :জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের দেশব্যাপী ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আগামী ৩০ ও ৩১ জুলাই সিলেটের পাঁচটি উপজেলায় পদযাত্রার আয়োজন করেছে। মঙ্গলবার সিলেট নগরীর জেলরোডে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ কর্মসূচির ঘোষণা দেন এনসিপির সিলেট জেলা আহ্বায়ক মো. জুনেদ আহমদ।

ঘোষিত সূচি অনুযায়ী, ৩০ জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হবে কানাইঘাট ও ওসমানীনগর উপজেলায়। পরদিন ৩১ জুলাই কর্মসূচি অনুষ্ঠিত হবে কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলায়।

এছাড়া ৩০ জুলাই সকালে গোলাপগঞ্জ পৌর অডিটোরিয়ামে জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। পরে জেলা আহ্বায়কের বাসভবনে মধ্যাহ্নভোজেরও আয়োজন রাখা হয়েছে।

পদযাত্রা কর্মসূচিতে এনসিপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন এমপি, ডা. মাহমুদা মিতু এমপি, নাসিরুদ্দিন পাটোয়ারী, সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ এমপি এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ দলের অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা অংশ নেবেন বলে জানানো হয়েছে।

এনসিপির নেতারা জানান, ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির মাধ্যমে বিভিন্ন উপজেলার সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়, রাজনৈতিক বার্তা পৌঁছে দেওয়া এবং সংগঠনের কার্যক্রমকে আরও বিস্তৃত করার লক্ষ্য নিয়ে এই সফরের আয়োজন করা হয়েছে।