তৃতীয় বাংলা ডেস্ক:
যুক্তরাজ্যজুড়ে দাবানলের ঝুঁকি অত্যন্ত বেড়ে যাওয়ায় বাসিন্দা, জমির মালিক ও দর্শনার্থীদের জন্য গুরুতর সতর্কতা জারি করেছে যুক্তরাজ্যে সরকার। শুক্রবার (১৪ আগস্ট) জারি করা সতর্কবার্তায় বলা হয়েছে, জাতীয় পর্যায়ে বর্তমানে দাবানলের ঝুঁকি ‘অতি উচ্চ’ পর্যায়ে রয়েছে।
সরকারি সতর্কবার্তায় আগুনের সূত্রপাত ঘটাতে পারে—এমন যেকোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে ডিসপোজেবল বারবিকিউ, আগুন জ্বালানো, বাগানের ইনসিনারেটর ব্যবহার এবং আতশবাজি থেকে সম্পূর্ণ বিরত থাকতে বলা হয়েছে।
সতর্কবার্তায় আরও বলা হয়, সামান্য একটি আগুনও দ্রুত বড় ধরনের দাবানলে পরিণত হতে পারে। এতে মানুষের জীবন, ঘরবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান এবং আগুন নিয়ন্ত্রণে কাজ করা জরুরি সেবাকর্মীরা মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারেন।
যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে সবাইকে সর্বশেষ সরকারি নির্দেশনা ও পরিস্থিতির আপডেট অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। কোথাও আগুন দেখা গেলে দ্রুত ৯৯৯ নম্বরে ফোন করে জরুরি সেবায় খবর দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
সতর্কতা: বর্তমান পরিস্থিতিতে খোলা জায়গায় আগুন জ্বালানো বা আগুনের ঝুঁকি তৈরি করতে পারে এমন কোনো কর্মকাণ্ড এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.