প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২৬ ২০:০৬ (বৃহস্পতিবার)
যুক্তরাজ্যে টাঙ্গাইল জেলা সমিতির ফুলেল শুভেচ্ছায় প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

হাফছা নূর, লন্ডন, যুক্তরাজ্য: বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু এমপি যুক্তরাজ্যে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে টাঙ্গাইল জেলা সমিতি ইউকে।

পরিবারের সদস্যদের সঙ্গে যুক্তরাজ্যে পৌঁছানোর পর বিমানবন্দরে টাঙ্গাইল জেলা সমিতি ইউকের নেতৃবৃন্দ তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের স্বাগত জানান এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় টাঙ্গাইলের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও কমিউনিটি সংগঠনের নেতৃবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

 

অভ্যর্থনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা সমিতি ইউকের ভারপ্রাপ্ত সভাপতি এখলাছুজামান খান টুটুল, সাধারণ সম্পাদক সাইফুর রহমান টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক শিবলী শহীদ খোস্নবিস, ১ নম্বর কার্যকরী সদস্য সৈয়দ আব্দুল আহাদ সবুজ, সহ-সাধারণ সম্পাদক কামরুল ইসলাম সৈকত, সহ-সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রাজু, কনক খান, রিফাত মিজান ও মো. শাহজাহান।

 

ফুলেল শুভেচ্ছা গ্রহণ করে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু প্রবাসী টাঙ্গাইলবাসীর আন্তরিকতা ও উষ্ণ অভ্যর্থনার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। যুক্তরাজ্যে অবস্থানকালে তিনি প্রবাসী টাঙ্গাইলবাসীর সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়ের জন্য সময় দেওয়ার আগ্রহ প্রকাশ করেন।

 

টাঙ্গাইল জেলা সমিতি ইউকের ভারপ্রাপ্ত সভাপতি এখলাছুজামান খান টুটুল বলেন, প্রবাসে থেকেও টাঙ্গাইলের মাটি ও মানুষের সঙ্গে প্রবাসী টাঙ্গাইলবাসীর সম্পর্ক অত্যন্ত গভীর। ঐক্য, ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে টাঙ্গাইল জেলা সমিতি ইউকে।

 

অনুষ্ঠানের শেষ পর্যায়ে সমিতির ভারপ্রাপ্ত সভাপতি এখলাছুজামান খান টুটুল ও সাধারণ সম্পাদক সাইফুর রহমান টিটু উপস্থিত নির্বাহী সদস্য, নেতৃবৃন্দ, সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

 

সমিতির পক্ষ থেকে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর যুক্তরাজ্য সফরের সফলতা কামনা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে প্রবাসী টাঙ্গাইলবাসীর সঙ্গে একটি অর্থবহ মতবিনিময় সভা আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।