ইংল্যান্ডের ক্লাব শেফিল্ড ইউনাইটেডে স্থায়ীভাবে যোগ দেওয়ার পর প্রথমবারের মতো মাঠে নেমেই জয়ের স্বাদ পেলেন বাংলাদেশি মিডফিল্ডার হামজা চৌধুরী। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে চ্যাম্পিয়নশিপের ম্যাচে বোল্টন ওয়ান্ডারার্সকে ৩-২ গোলে হারিয়েছে শেফিল্ড ইউনাইটেড। মৌসুমে এটি তাদের প্রথম জয়।
চলতি মৌসুমে নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে নেমেছিল শেফিল্ড। এর আগে তিনটি ম্যাচেই ড্র করায় জয়ের দেখা পায়নি দলটি। তাই বোল্টনের বিপক্ষে মাঠে নেমে পূর্ণ তিন পয়েন্ট অর্জনের লক্ষ্য ছিল তাদের।
ব্রামাল লেনে অনুষ্ঠিত ম্যাচে বল দখলের লড়াইয়ে সামান্য এগিয়ে ছিল শেফিল্ড ইউনাইটেড। ম্যাচের ৫৩ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রাখে তারা। প্রতিপক্ষের গোলমুখে ২০টি শট নিয়ে তিনবার জালের দেখা পায় স্বাগতিকরা।
অন্যদিকে বোল্টনও ছিল সমান আক্রমণাত্মক। ম্যাচের ৪৭ শতাংশ সময় বল নিজেদের দখলে রেখে শেফিল্ডের গোলবার লক্ষ্য করে ২১টি শট নেয় তারা। এর মধ্যে পাঁচটি ছিল লক্ষ্যে, যা থেকে আসে দুটি গোল।
ম্যাচের শুরুতেই ধাক্কা খায় হামজা চৌধুরীর দল। প্রথম মিনিটেই জাভিয়ার সিমন্সের গোলে এগিয়ে যায় বোল্টন। তবে মাত্র তিন মিনিট পরই সমতায় ফেরে শেফিল্ড ইউনাইটেড। এরপর প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় ১-১ সমতায় বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধের শুরুতেও এগিয়ে যায় সফরকারীরা। স্যাম ডাল্বির গোলে ২-১ ব্যবধানে লিড নেয় বোল্টন। তবে সেই আনন্দ স্থায়ী হয়নি বেশিক্ষণ। মাত্র এক মিনিট পরই প্যাট্রিক ব্যামফোর্ড গোল করে ম্যাচে আবারও সমতা ফেরান।
ম্যাচটি যখন ড্রয়ের দিকেই এগোচ্ছিল, ঠিক তখনই নির্ধারিত সময়ের শেষ মিনিটে নাটকীয়ভাবে জয়সূচক গোল পেয়ে যায় শেফিল্ড ইউনাইটেড। রোমেলে ডোনোভানের করা সেই গোলে ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করেন স্বাগতিকরা। আর শেফিল্ডের জার্সিতে অভিষেক ম্যাচেই জয়ের আনন্দে ভাসেন হামজা চৌধুরী।
আইটি ল্যাব সলিউশন্স লি.