এম মোস্তফা, তৃতীয় বাংলা ডেস্ক : যুক্তরাজ্যে গত ছয় মাসে জ্বালানি ব্যয়ে বড় ধরনের পরিবর্তন এসেছে। সরকারি পরিসংখ্যানের হিসাবে মার্চের শুরু থেকে আগস্টের শেষ পর্যন্ত পেট্রোল ও ডিজেলের দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে। একই সময়ে গৃহস্থালি গ্যাসের ইউনিট মূল্য প্রায় ২৪ শতাংশ বাড়লেও বিদ্যুতের ইউনিট মূল্য কিছুটা কমেছে।
সরকারি তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২ মার্চ ২০২৬-এ যুক্তরাজ্যে গড় পেট্রোলের দাম ছিল প্রতি লিটার প্রায় ১৩২.১৪ পেন্স। ৩১ আগস্ট তা বেড়ে হয়েছে ১৬১.৬১ পেন্স। অর্থাৎ ছয় মাসে প্রতি লিটারে প্রায় ২৯.৪৭ পেন্স বা ২২.৩ শতাংশ বেড়েছে। ডিজেলের মূল্য একই সময়ে প্রায় ১৪২.১৫ পেন্স থেকে ১৮৩.৪৯ পেন্সে পৌঁছেছে—বৃদ্ধি প্রায় ৪১.৩৪ পেন্স বা ২৯.১ শতাংশ। যুক্তরাজ্য সরকারের Department for Energy Security and Net Zero প্রতি সপ্তাহে দেশটির গড় খুচরা পেট্রোল ও ডিজেলের মূল্য প্রকাশ করে।

এর প্রভাব গাড়িচালকদের পকেটে সরাসরি পড়ছে। মার্চের দামের তুলনায় এখন ৫০ লিটারের একটি গাড়ির ট্যাংক পেট্রোলে পূর্ণ করতে প্রায় £14.74 বেশি এবং ডিজেলে প্রায় £20.67 বেশি খরচ হচ্ছে।
গৃহস্থালি জ্বালানির ক্ষেত্রেও চাপ বেড়েছে। Ofgem-এর হিসাবে, জানুয়ারি-মার্চ সময়ে Direct Debit-এ standard variable tariff-এর গড় গ্যাসের ইউনিট মূল্য ছিল ৫.৯৩ পেন্স/kWh। জুলাই-সেপ্টেম্বর সময়ে সেটি হয়েছে ৭.৩৩ পেন্স/kWh। অর্থাৎ তুলনামূলকভাবে গ্যাসের ইউনিট মূল্য বেড়েছে প্রায় ২৩.৬ শতাংশ।
তবে বিদ্যুতের চিত্রটি উল্টো। একই হিসাবে বিদ্যুতের গড় ইউনিট মূল্য ২৭.৬৯ পেন্স/kWh থেকে ২৬.১১ পেন্স/kWh-এনেমেছে। অর্থাৎ প্রায় ৫.৭ শতাংশ কমেছে। এই হারগুলো England, Scotland ও Wales-এর Direct Debit গ্রাহকদের গড় এবং সংশ্লিষ্ট সময়ের VAT অন্তর্ভুক্ত।

Ofgem জানিয়েছে, জুলাই থেকে সেপ্টেম্বরের price-cap period-এ একটি সাধারণ পরিবারের গ্যাস ও বিদ্যুতের সামগ্রিক খরচ আগের তিন মাসের তুলনায় ১৩ শতাংশ বেড়েছে। এর পেছনে উচ্চ wholesale gas price-কে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছে নিয়ন্ত্রক সংস্থাটি।
ভোক্তাদের জন্য সামনে আরও চাপ রয়েছে। Ofgem-এর ঘোষিত ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর ২০২৬-এর price cap £1,723 বছরে নির্ধারিত হয়েছে, যা বর্তমান সময়ের তুলনায় ৪ শতাংশ বেশি। ওই সময় গ্যাসের গড় ইউনিট মূল্য ৭.৩৩ পেন্স থেকে ৭.৯৭ পেন্স/kWhহবে। বিদ্যুতের ইউনিট মূল্য হবে ২৬.৩২ পেন্স/kWh। তবে অক্টোবর থেকে বিদ্যুতের VAT পরিবর্তনের কারণে Ofgem সতর্ক করেছে যে আগের সময়ের সঙ্গে সরাসরি তুলনা করা ঠিক হবে না।
জ্বালানি ও গৃহস্থালি গ্যাসের এই মূল্যবৃদ্ধি এমন সময়ে হচ্ছে, যখন পরিবারগুলোর নিয়মিত ব্যয়ের বড় অংশই চলে যায় যাতায়াত ও বাড়ির জ্বালানি খাতে। বিশেষ করে নিয়মিত গাড়ি ব্যবহারকারী এবং বেশি গ্যাস ব্যবহারকারী পরিবারের মাসিক বাজেটে এর প্রভাব তুলনামূলক বেশি পড়বে।
তথ্যসূত্র: Ofgem এবং UK Department for Energy Security and Net Zero-এর সরকারি পরিসংখ্যান।
আইটি ল্যাব সলিউশন্স লি.