প্রকাশিত: ২৩ অক্টোবর, ২০২৫ ১৩:৪৭ (শুক্রবার)
সিলেটে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব শুরু ২৭ জুন

সিলেটের সুপ্রাচীন ২০০ বছরের ঐতিহ্য সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব শ্রীশ্রী জগন্নাথদেব, বলদেব ও সুভদ্রা মহারাণীর প্রথম রথযাত্রা মহোৎসব আগামী ২৭ জুন শুক্রবার অনুষ্ঠিত হবে। জগন্নাথদেব, বলদেব, সুভদ্রা মহারাণীর রথযাত্রা মহোৎসবকে কেন্দ্র করে সিলেটে ৯ দিনব্যাপী ব্যাপক ও বর্ণাঢ্য কর্মসূচি পালন করা হবে। উল্টো রথযাত্রা আগামী ৫ জুলাই শনিবার অনুষ্ঠিত হবে।

সিলেটের ঐতিহ্যবাহী রিকাবীবাজারস্থ রথযাত্রা প্রাঙ্গণে সিলেটের ২৫টি দেবালয় ও মন্দির শ্রীশ্রী জগন্নাথদেব, বলদেব, সুভদ্রা মহারাণীর রথযাত্রা নিয়ে ২৭ জুন শুক্রবার সমবেত হয়ে প্রথম রথযাত্রা মহোৎসব উদযাপন করা হবে। সিলেটের রিকাবীবাজারস্থ রথযাত্রা প্রাঙ্গণে শ্রীশ্রী জগন্নাথদেব, বলদেব, সুভদ্রা মহারাণীর পূজা, আরতী, হরিনাম সংকীর্ত্তন, মহাপ্রসাদ বিতরণ, হরিলুট ও ভক্তিমূলক সঙ্গীতসহ নানা আচার সম্পন্ন হবে। 

শ্রীশ্রী জগন্নাথদেব, বলদেব, সুভদ্রা মহারাণীর রথযাত্রা মহোৎসব উপলক্ষে সিলেট নগরের রিকাবীবাজার প্রাঙ্গণে ৯ দিনব্যাপী জমজমাট মেলা বসে। এই মেলায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী রকমারি নানা পণ্যের পসরা বসে। রথযাত্রায় হাজার হাজার শিশু-কিশোর, তরুণ-তরুণী, যুবক-যুবতী, নারী-পুরুষ ও আবালবৃদ্ধবণিতার স্বতঃস্ফূর্ত মিলন মেলা হয়। সিলেটের রিকাবীবাজারের রথযাত্রা প্রাঙ্গণের ব্যবস্থাপনায় প্রতি বছর সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটি দায়িত্ব পালন করে। সহযোগিতায় সিলেট সিটি কর্পোরেশন নিয়োজিত থাকে। এবারও রথযাত্রা সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য সিলেট জেলা প্রশাসন, সিলেট সিটি কর্পোরেশন, পুলিশ প্রশাসন, সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটি  অনেক পদক্ষেপ হাতে নিয়েছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থায় প্রতিটি রথ মন্দির থেকে আনা-নেওয়া করা হবে।