প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০৫ (শুক্রবার)
সবুজ ও নিরাপদ বাংলাদেশ গড়ার আহ্বানে ঢাবিতে ছাত্রদলের লিফলেট

সবুজ, সুন্দর, পরিচ্ছন্ন ও নিরাপদ বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। 

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বর থেকে এ কর্মসূচি শুরু হয়। 

জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মিনহাজ আহমেদ প্রিন্সের উদ্যোগে আয়োজিত কর্মসূচিটি হাকিম চত্বর, কলা অনুষদ ভবন, ক্যাম্পাস শ্যাডো, ব্যবসায় শিক্ষা অনুষদ, মল চত্বর, রেজিস্ট্রার ভবন ও উপাচার্য চত্বর ঘুরে সামাজিক বিজ্ঞান অনুষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

কর্মসূচিতে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সংরক্ষণ, পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ, বিদ্যুৎ ও পানি সাশ্রয় এবং সামাজিক শৃঙ্খলা ও সৌহার্দ্য বজায় রাখার বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

‘আমাদের বাংলাদেশ, আমরাই গড়ব’ এই প্রত্যয়ে প্রকাশিত লিফলেটে দৈনন্দিন জীবনের ছোট ছোট ইতিবাচক অভ্যাসের মাধ্যমে পরিচ্ছন্ন, সবুজ, সুন্দর ও নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।

পরিবেশ ও বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে লিফলেটে যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে নির্ধারিত স্থানে ফেলা, সপ্তাহে অন্তত এক দিন নিজ বসতবাড়ির আশপাশ পরিষ্কার করা, পলিথিন ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পরিহার এবং পরিবেশবান্ধব উপকরণ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি গৃহস্থালি বর্জ্য যথাযথভাবে পৃথকীকরণ ও ব্যবস্থাপনার কথাও বলা হয়েছে। 


বৃক্ষরোপণ ও প্রাণ-প্রকৃতি সংরক্ষণে প্রতিটি পরিবারকে অন্তত একটি গাছ লাগানোর আহ্বান জানানো হয়। এ ছাড়া রাস্তার পাশে, মাদ্রাসা, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ এবং পতিত জমিতে বৃক্ষরোপণ, একটি গাছ কাটার প্রয়োজন হলে এর পরিবর্তে অন্তত দুটি গাছ লাগানো এবং প্রাণী-পাখিসহ সব জীবের প্রতি সদয় হওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। নদী-নালা, খাল-বিল ও জলাশয় দূষণমুক্ত রাখতেও সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।

বিদ্যুৎ ও পানি সাশ্রয়ে দিনের বেলায় অপ্রয়োজনীয় বৈদ্যুতিক বাতি ব্যবহার না করা, সম্ভব হলে প্রাকৃতিক আলো কাজে লাগানো এবং পানির অপচয় রোধের পরামর্শ দেওয়া হয়।

মিনহাজ আহমেদ প্রিন্স বলেন, আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে পরিচ্ছন্ন ও সুন্দর পরিবেশ নিশ্চিত হবে এবং মানুষ পরিবেশ ও প্রাণ-প্রকৃতির প্রতি দায়িত্বশীল ও যত্নবান হবে। সবুজ ও সুন্দর বাংলাদেশ গড়তে শুধু সরকারের উদ্যোগ যথেষ্ট নয়, প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।

তিনি আরও বলেন, বিশেষ করে তরুণ ও শিক্ষার্থীদের এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং দৈনন্দিন জীবনে পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ ও পানি-বিদ্যুৎ সাশ্রয়ের অভ্যাস গড়ে তুলতেই আমাদের এ উদ্যোগ। আমরা বিশ্বাস করি, ছোট ছোট ভালো অভ্যাসের সম্মিলিত চর্চাই সব নাগরিকের জন্য একটি সবুজ, সুন্দর, পরিচ্ছন্ন ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলবে।

কর্মসূচিতে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় ও হল শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশ নেন।