যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসন্ন নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে (মিডটার্ম) রিপাবলিকান সমর্থকদের ভোট দিতে জোরালো আহ্বান জানিয়েছেন। ভোট না দিলে সমর্থকদের ‘নরকে যেতে হবে’ বলেও মন্তব্য করেছেন তিনি।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) টেক্সাসের ডালাসে রিপাবলিকান পার্টির সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন। খবর আনাদোলু এজেন্সির।
ভাষণে ট্রাম্প দলীয় সমর্থকদের ভোটার উপস্থিতি নিশ্চিত করার আহ্বান জানান। তিনি উপস্থিত জনতাকে শপথ করান যে তারা নির্বাচনে ভোট দেবেন এবং বন্ধু-স্বজনদেরও ভোটকেন্দ্রে নিয়ে যাবেন।
ট্রাম্প বলেন, ‘জানেন, যদি ভোট না দেন তাহলে কী হবে? আপনারা নরকে যাবেন।’ একই সঙ্গে তিনি সমর্থকদের ভোটে জয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করার আহ্বান জানান। এ সময় তিনি ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ব্যাপক ভোট জালিয়াতির অভিযোগও তোলেন।
‘সোনালি যুগে’ প্রবেশ করেছে আমেরিকা
ভাষণে ট্রাম্প দাবি করেন, তার প্রশাসন মাত্র ১৯ মাসে যুক্তরাষ্ট্রকে একটি ‘অন্ধকার যুগ’ থেকে ‘সোনালি যুগে’ নিয়ে গেছে।
তিনি শেয়ারবাজারের উত্থান, ওষুধের দাম কমে যাওয়া এবং সামরিক ব্যয় বৃদ্ধিকে নিজের প্রশাসনের বড় সাফল্য হিসেবে তুলে ধরেন। ট্রাম্পের ভাষ্য, এসব পদক্ষেপ যুক্তরাষ্ট্রকে বিশ্বের ‘জ্বালানি ও সামরিক পরাশক্তি’ হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
তিনি বলেন, ‘১৯ মাসে আমি আমার দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি পূরণ করেছি।’ এ সময় তিনি অবৈধ সীমান্ত পারাপার প্রায় বন্ধ হয়ে যাওয়া এবং ওভারটাইম আয়, বকশিশ ও সামাজিক নিরাপত্তা সুবিধার ওপর কর ছাড় দেওয়ার মতো সাম্প্রতিক আইনগত উদ্যোগের কথাও উল্লেখ করেন।
ট্রাম্প সতর্ক করে বলেন, ডেমোক্র্যাটরা নির্বাচনে জয়ী হলে ব্যক্তিগত সম্পদ বাজেয়াপ্ত করা হতে পারে, টেক্সাসের তেল ও গ্যাস শিল্প ক্ষতিগ্রস্ত হবে এবং অপরাধীরা আবারও রাস্তায় নেমে আসবে।
২০২৮ সালের সম্ভাব্য প্রার্থী হিসেবে ভ্যান্সের অবস্থান
ট্রাম্পের আগে অনুষ্ঠানে মূল বক্তব্য দেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি রিপাবলিকান সমর্থকদের নভেম্বরের নির্বাচনে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান, যাতে প্রতিনিধি পরিষদ ও সিনেটে দলটির সংখ্যাগরিষ্ঠতা বজায় থাকে।
ভ্যান্স বলেন, ‘কোনো একটি নীতিগত বিষয়ে আমাদের সঙ্গে মতপার্থক্য থাকলেই দেশের দায়িত্ব একদল উন্মাদের হাতে তুলে দেবেন না।’ তিনি আরও বলেন, ‘এই দেশ আমাদের বাবা-মা এবং তাদের আগের প্রজন্মের কাছ থেকে পাওয়া উত্তরাধিকার।’
বিশ্লেষকদের মতে, ডালাসের এই সম্মেলন একদিকে যেমন মধ্যবর্তী নির্বাচনের জন্য রিপাবলিকান ভোটারদের উজ্জীবিত করার চেষ্টা, অন্যদিকে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সম্ভাব্য রিপাবলিকান প্রার্থী হিসেবে জেডি ভ্যান্সের অবস্থানও শক্ত করার একটি কৌশল।
আইটি ল্যাব সলিউশন্স লি.