প্রকাশিত: ২৭ অক্টোবর, ২০২৫ ১৪:১৯ (শুক্রবার)
খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের বাসভবনে গিয়ে দলের জ্যেষ্ঠ নেতারা ২২ এপ্রিল শনিবার রাতে তাঁর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। সাক্ষাৎ শেষে বেরিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছেন, তিনি (খালেদা জিয়া) বার্তা দিয়েছেন দেশবাসী যেন গণতন্ত্রের জন্য যেভাবে কাজ করছেন, সেভাবে কাজ চালিয়ে যান।


মির্জা ফখরুল জানিয়েছেন, অনেক দিন পর তাঁদের সঙ্গে দেখা হওয়ায় বিএনপি নেত্রী দেশের বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ সম্পর্কেও জানতে চেয়েছেন। তাঁরা এসব বিষয়ে তাঁকে অবহিত করেছেন। বিএনপির নেতারা বলেছেন, কয়েক বছর পর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবার ব্যতিক্রম ঈদ কাটাচ্ছেন। কারণ, এই ঈদে খালেদা জিয়ার সঙ্গে রয়েছেন তাঁর পুত্রবধূ শর্মিলী রহমান এবং দুই নাতনি জাফিয়া রহমান ও জাহিয়া রহমান। ঢাকার গুলশানের বাসভবন ফিরোজায় তাঁরা ঈদের আনন্দ ভাগ করছেন।