প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৫ ১৯:০৯ (শুক্রবার)
দীর্ঘদিনের পরিকল্পনায় গ্রেপ্তার সুব্রত বাইন-মোল্লা মাসুদ: আইএসপিআর

তালিকাভুক্ত ২৩ জন শীর্ষ সন্ত্রাসী দলের অন্যতম নেতা এবং সেভেন স্টার চক্রের মূল পরিকল্পনাকারী সুব্রত বাইন ও মোল্লা মাসুদকে দীর্ঘদিনের গোয়েন্দা তৎপরতা ও পরিকল্পনায় গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে আইএসপিআর। মঙ্গলবার (২৭ মে) বিকেলে সেনানিবাসে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান আইএসপিআরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরী।

সামি-উদ-দৌলা চৌধুরী বলেন, ভোর ৫টা ১৫ মিনিটে কুষ্টিয়ার সোনার বাংলা রোডের একটি বাড়িতে অভিযান চালিয়ে সুব্রত বাইন ও মোল্লা মাসুদকে গ্রেপ্তার করা হয়। পরে সকাল ৭টার দিকে রাজধানীর হাতিরঝিল এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। অভিযানে ৪৬ স্বতন্ত্র ইনফ্যান্ট্রি ব্রিগেডের একটি ইউনিট গোপন তথ্যের ভিত্তিতে সফলভাবে দুজন শীর্ষ সন্ত্রাসী ও তাদের দুজন সহযোগীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- দুই শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে ফতেহ আলী, আবু রাসেল মাসুদ ওরফে মোল্লা মাসুদ এবং দুজন শুটার আরাফাত ও শরীফ। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৫টি বিদেশি পিস্তল, ১০টি ম্যাগাজিন, ৫৩ রাউন্ড গুলি ও ১টি স্যাটেলাইট ফোন উদ্ধার করা হয়।