প্রকাশিত: ২০ এপ্রিল, ২০২৬ ১৪:২৩ (শুক্রবার)
প্রতীক পেয়েই প্রচার-প্রচারণায় উৎসবমুখর পল্লী জনপদ

সিলেটের দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিলেট বিভাগের সাত উপজেলায় ৪৪ ইউনিয়নের প্রার্থীদের বুধবার প্রতীক বরাদ্দ করা হয়েছে। প্রতীক পেয়েই প্রচার-প্রচারণায় ব্যস্ত হয়ে উঠেছেন প্রার্থী ও সমর্থকরা। এখন পল্লী জনপদ নির্বাচনী হাওয়ায় মুখরিত হয়ে উঠেছে। ১১ নভেম্বর সিলেট বিভাগের ৪৪টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে ১০ অক্টোবর সন্ধ্যায় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়।


চূড়ান্ত হওয়া প্রার্থীদের মধ্যে সিলেট জেলার তিন উপজেলায় ১৫ জন, সুনামগঞ্জের দু'টি উপজেলায় ১৯ জন, মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় ৫ জন ও হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় ৫ জন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা আসন্ন ইউপি নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। 
২৯ সেপ্টেম্বর সিলেটসহ সারাদেশে ৮৪৮টি ইউনিয়ন পরিষদে ভোটের তফশিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর, মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর, মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ২১ থেকে ২৩ অক্টোবর, আপিল নিষ্পত্তি ২৪ ও ২৫ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর, প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর এবং ভোটগ্রহণ ১১ নভেম্বর।সিলেট সদর উপজেলা
সিলেট সদর উপজেলার হলরুমে নিবাচনী কর্মকর্তার হাত থেকে আওয়ামী লীগ মনোনীত চার চেয়ারম্যান প্রার্থী ৭নং মোগলগাঁও ইউনিয়নের মো. হিরন মিয়া, ৮নং কান্দিগাঁও ইউনিয়নের মো. নিজাম উদ্দিন, হাটখলা ইউনিয়নের মো. মুশাহিদ আলী, জালালাবাদ ইউনিয়নের মোহাম্মদ ওবায়দুল্লাহ ইসহাক  দলীয় নৌকা প্রতীক গ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন- সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশফাক আহমদ।