বিশেষ প্রতিনিধি, বার্মিংহাম (যুক্তরাজ্য): যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী শহর বার্মিংহামে আবারও বসতে যাচ্ছে প্রবাসী বাঙালি ও ঐতিহ্যপ্রেমীদের সবচেয়ে বড় সাংস্কৃতিক মিলনমেলা—‘বাংলা মাস ২০২৬’ (Bangla Month 2026)। টানা তৃতীয় বছরের মতো আয়োজিত এই মাসব্যাপী উৎসবে যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা নিবন্ধিত ও প্রতিষ্ঠিত বাঙালি শিল্পী, পারফর্মার এবং নির্দেশকদের এক অনন্য মেলবন্ধন ঘটতে যাচ্ছে। ঐতিহ্যগত ও সমসাময়িক সংস্কৃতির মেলবন্ধনে গড়ে ওঠা এই মহোৎসবের বিস্তারিত তথ্য সংবাদমাধ্যমের সামনে তুলে ধরা হয়েছে গতকাল ৮ই অক্টোবর এক বিশেষ প্রেস কনফারেন্স এর মাধ্যমে।
ঐতিহ্যবাহী সোহো হাউস মিউজিয়ামে (Soho House Museum) গতকাল ৮ই অক্টোবর, বৃহস্পতিবার বিকেল ৫:৩০ টা থেকে সন্ধ্যা ৬:৩০ টা পর্যন্ত এই প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।এতে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও আমন্ত্রিত সুধীজন। উক্ত প্রেস মিটে পুরো নভেম্বর মাস জুড়ে চলতে থাকা নানা বৈচিত্র্যময় সাংস্কৃতিক কর্মকাণ্ড, আন্তর্জাতিক প্রদর্শনী ও তারকা শিল্পীদের অংশগ্রহণ সম্পর্কিত বিস্তারিত সময়সূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে।
১. ঐতিহ্যের সাথে আধুনিকতার সেতু: ১লা নভেম্বর শুরু, চলবে মাসব্যাপী
বাংলাদেশি আর্টিস্ট ডেভেলপমেন্ট এজেন্সি (BADA) এবং শীর্ষস্থানীয় দাতব্য প্রতিষ্ঠান ‘লেগাসি ওয়েস্ট মিডল্যান্ডস’ (Legacy WM)-এর যৌথ পরিচালনায় আগামী ১লা নভেম্বর থেকে ৩০শে নভেম্বর ২০২৬ পর্যন্ত পুরো বার্মিংহাম ও ওয়েস্ট মিডল্যান্ডস অঞ্চল জুড়ে উদ্যাপিত হবে এই সাংস্কৃতিক উৎসব।
আয়োজকরা জানান, এবারের আসরে মোট ৬টি নতুন কমিশনযুক্ত শিল্পকর্ম, একাধিক লাইভ কনসার্ট, নৃত্যনাট্য, কমেডি শো, সাহিত্য সভা ও চিত্রকলা প্রদর্শনী অন্তর্ভুক্ত রয়েছে। নতুন প্রজন্মের ব্রিটিশ-বাংলাদেশি শিল্পীদের নিজস্ব সংস্কৃতির মূল অন্বেষণ এবং ঐতিহ্যবাহী শিল্পমাধ্যমকে আধুনিক রূপ দেওয়ার উদ্দেশ্যেই মূলত এই বিশাল কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
উৎসবটি একক কোনো মিলনায়তনে সীমাবদ্ধ না রেখে বার্মিংহামের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিভিন্ন সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজন করা হচ্ছে।
এর মধ্যে উল্লেখযোগ্য ভেন্যুসমূহ হলো:
বার্মিংহাম রিপ (Birmingham REP)
মিডল্যান্ডস আর্টস সেন্টার (MAC)
রয়্যাল বার্মিংহাম কনজারভেটোয়ার (Royal Birmingham Conservatoire)।
রাজকীয় শুভ সূচনা: জ্যাজ ও বাংলা গানের অভূতপূর্ব যুগলবন্দি।
আগামী ১লা নভেম্বর রয়্যাল বার্মিংহাম কনজারভেটোয়ারের মর্যাদাপূর্ণ ‘ব্র্যাডশ হল’-এ আনুষ্ঠানিকভাবে পর্দা উঠবে এই উৎসবের। উদ্বোধনী পর্বের প্রধান আকর্ষণ হিসেবে মঞ্চ মাতাবেন প্রখ্যাত ব্রিটিশ-বাংলাদেশি সংগীতশিল্পী, গীতিকার ও র্যাপার নিশ (Nish)।
তবে এবারের উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে এক ঐতিহাসিক চমক। রয়্যাল বার্মিংহাম কনজারভেটোয়ারের বিশ্বমানের এক জ্যাজ ট্রায়ো (Jazz Trio) ব্যান্ডের সাথে যৌথভাবে পারফর্ম করবেন নিশ। ঐতিহ্যবাহী ও আধুনিক সুরের এই ফিউশন প্রসঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করে নিশ বলেন,
বার্মিংহাম, আমি আসছি লাইভ পারফর্ম করতে! ১লা নভেম্বর রয়্যাল বার্মিংহাম কনজারভেটোয়ারের এক দুর্দান্ত জ্যাজ ট্রায়ো ব্যান্ডের সাথে থেকে আমি বাংলা মাস ২০২৬-এর উদ্বোধন করতে যাচ্ছি। আমরা সম্পূর্ণ ভিন্ন কিছু সুর ও চিন্ত ভাবনাকে এক সুতোয় বাঁধার চেষ্টা করব। মঞ্চে উঠে দর্শকদের সাথে স্মরণীয় একটি রাত উপভোগ করার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।
২).সংস্কৃতি ও শিল্পের বহুমাত্রিক আয়োজন
পুরো নভেম্বর মাস জুড়ে দর্শকরা উপভোগ করতে পারবেন নাচ, গান, নাটক, কবিতা ও চলচ্চিত্রের নানা আয়োজন। উৎসবসূচিতে যেসব বিশেষ অনুষ্ঠান রয়েছে:
সংগীত ও সাহিত্য: ‘পয়েট্রি আফটার চা’ (Poetry After Chai), ‘আনপ্লাগড লাইভ’, ‘স্ক্রিন বাংলা’, কমেডি পরিবেশনায় ‘স্ম্যাশ বাঙালি’ (SMASH Bengali) এবং একাধিক লাইভ মিউজিক সেশন।
নৃত্যকলা: বিশ্বখ্যাত আমিনা খৈয়াম ডান্স কোম্পানির নির্দেশনায় বিশেষ নৃত্যনাট্য এবং সমসাময়িক নানা পরিবেশনা।
আন্তর্জাতিক প্রদর্শনী (MAC): মিডল্যান্ডস আর্টস সেন্টারে (MAC) আয়োজিত হতে যাচ্ছে ফটোগ্রাফি ও দৃশ্যশিল্পের বিশেষ প্রদর্শনী ‘Resistances, Re-imagine’। এটি বাংলাদেশের খ্যাতনামা ‘পাঠশালা মিডিয়া ইনস্টিটিউট’ এবং যুক্তরাজ্যের ‘গ্রেইন প্রজেক্টস’-এর এক যৌথ আন্তর্জাতিক উদ্যোগ।
অন্যান্য একক প্রদর্শনী: ফাহিম ইসলামের 'Inner Complexities: Perception in Transition', তামীমা মুনমুনের 'Echoes of Motherland' এবং আবেদা বেগমের 'Threads of Birmingham'।
মিডল্যান্ডস আর্টস সেন্টারের (MAC) প্রধান নির্বাহী ও শৈল্পিক পরিচালক দেবোরা কারমোড এক বিজ্ঞপ্তিতে বলেন,
বার্মিংহামের বার্ষিক ‘বাংলা মাস’ উৎসবের অংশ হতে পেরে আমরা ভীষণ গর্বিত। বাংলাদেশ ও যুক্তরাজ্যের শিল্পীদের এই আন্তর্জাতিক সহযোগিতা আমাদের সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করবে এবং স্থানীয় দর্শকদের মধ্যে এক নতুন সাংস্কৃতিক ভাবনার সঞ্চার করবে।"
৩). ধামাকা সমাপনী: ডিজে নাজ ও বলিফ্লেক্সের রাজকীয় আয়োজন
আগামী ৩০শে নভেম্বর রয়্যাল বার্মিংহাম কনজারভেটোয়ারে এক জাঁকজমকপূর্ণ পরিবেশনার মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে এই মহোৎসবের। সমাপনী আকর্ষণে থাকছে ‘Dancing DJ Naz & Bollyflex’-এর বিশেষ পরিবেশনা।
ডিজে নাজের সাথে সরাসরি মঞ্চে পারফর্ম করবেন প্রখ্যাত ড্রামলাইন ড্রামারস ও বলিফ্লেক্স ডান্স গ্রুপ। নিজের অনুভূতি ব্যক্ত করে জনপ্রিয় নৃত্যশিল্পী ও প্রযোজক নাজ চৌধুরী বলেন,
ব্রিক লেনে বড় হওয়া একজন ব্রিটিশ-বাংলাদেশি হিসেবে গান ও নাচ সবসময় আমার সত্তার সাথে মিশে ছিল। এবার প্রথমবারের মতো বাংলা মাসের সাথে যুক্ত হতে পেরে এবং নিজের জন্মশহরে এমন একটি অভিনব ট্রুপ উপস্থাপন করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। দর্শকদের জন্য চমক অপেক্ষা করছে!"
আয়োজক সংস্থা ও সহযোগী পরিচিতি
এই সুবিশাল আয়োজনের পেছনে কাজ করছে যুক্তরাজ্যের বেশ কয়েকটি খ্যাতিমান সংস্থা:
1. বাডা (BADA - Bangladeshi Artist Development Agency): ২০২৩ সালের নভেম্বরে বার্মিংহাম রিপ-এ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে বাডা। যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পীদের প্রশিক্ষণ, কাজের সুযোগ সৃষ্টি ও আন্তর্জাতিক মঞ্চ তৈরি করে দেওয়াই এদের মূল লক্ষ্য।
2. লেগাসি ওয়েস্ট মিডল্যান্ডস (Legacy WM): ২০১০ সালে প্রতিষ্ঠিত এই সংস্থাটি বার্মিংহামের অন্যতম স্বনামধন্য সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। স্বেচ্ছাসেবামূলক ও সমাজসেবামূলক কাজের স্বীকৃতিস্বরূপ এটি ২০২৩ সালে ‘কিং'স অ্যাওয়ার্ড ফর ভলান্টিয়ারি সার্ভিস’ এবং ২০২১ সালে ‘ওয়েস্টন চ্যারিটি অ্যাওয়ার্ড’ অর্জন করে।
3. সহযোগী প্রতিষ্ঠানসমূহ: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সিটি অব বার্মিংহাম সিমফনি অরকেস্ট্রা (CBSO), মিডল্যান্ডস আর্টস সেন্টার (MAC) এবং বার্মিংহাম হিপোড্রোম।
৪).টিকিট ও মিডিয়া তথ্য:
সাধারণ দর্শক ও শিল্পানুরাগীদের জন্য উৎসবের সময়সূচি এবং অগ্রিম টিকিট বুকিংয়ের তথ্য পাওয়া যাবে নির্ধারিত ওয়েবসাইটে:
ওয়েবসাইট: legacy-wm.org/arts/bada
সোশ্যাল লিংক: linktr.ee/LegacyWM1
গণমাধ্যম ও যোগাযোগ সংক্রান্ত তথ্যের জন্য:
আফতাব রহমান (সিইও, Legacy WM): টেলিফোন: (0121) 348 8159 | ইমেইল: aftab@legacy-wm.org
জুন্না বেগম (আর্টিস্টিক ডিরেক্টর): টেলিফোন: (0121) 348 8159 | ইমেইল: junna@legacy-wm.org
সন্ধ্যা নান্দ্রে (মার্কেটিং অফিসার): টেলিফোন: (0121) 348 8079 | ইমেইল: sandhya@legacy-wm.org.
প্রবাসী সংস্কৃতিপ্রেমী ও তরুণ প্রজন্মের সমন্বয়ে বার্মিংহামে অনুষ্ঠিত হতে যাওয়া এই উৎসব যুক্তরাজ্যের বুকে বাঙালির শিল্প ও সাহিত্যকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করছেন সংশ্লিষ্ট সকলে।
আইটি ল্যাব সলিউশন্স লি.