প্রকাশিত: ২০ এপ্রিল, ২০২৬ ১৫:০৩ (শুক্রবার)
সিলেট নগরের ২৫% সড়কে খানাখন্দ, দুর্ভোগে নগরবাসী

পিচ-খোয়া উঠে বিভিন্ন স্থানে দেখা দিয়েছে খানাখন্দ। ছোট–বড় গর্ত এড়িয়ে যানবাহন চলছে থেমে থেমে। গত রোববার দুপুরে সিলেট নগরের আম্বরখানা-শাহি ঈদগাহ সড়কের প্রায় আধা কিলোমিটার অংশে এমন দৃশ্য দেখা গেল। নগরের ২৫ শতাংশ সড়কই এমন খানাখন্দে ভরা, সিটি করপোরেশনের পর্যবেক্ষণ অন্তত তাই বলছে।

স্থানীয় ব্যক্তিদের অভিযোগ, প্রায় দুই বছর ধরে আম্বরখানা-শাহি ঈদগাহ সড়কটি অনেকটা বিধ্বস্ত অবস্থায় আছে। সড়কের খানাখন্দে যানবাহন পড়ে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। মাঝেমধ্যে ইট-সুরকি দিয়ে গর্তগুলো ভরাটের চেষ্টা চলে। তবে বৃষ্টির কারণে ও অত্যধিক যানবাহনের চাপে সড়ক থেকে ইট-সুরকি সরে যাচ্ছে। করোনার সংক্রমণ নিয়ন্ত্র্রণে সরকারের জারি করা কঠোর বিধিনিষেধের কারণে এখন যান চলাচল সীমিত থাকলেও স্বাভাবিক সময়ে ভাঙাচোরা সড়কে ধীরগতিতে যান চলায় সৃষ্টি হয় অসহনীয় যানজট।