প্রকাশিত: ২০ এপ্রিল, ২০২৬ ১৫:০৪ (শুক্রবার)
ট্রাফিক পুলিশকে ভর্ৎসনা, ডিজি. নিরাপত্তা আইনে মামলা

লকডাউনে বিধিনিষেধ উপেক্ষা একটি নম্বরবিহীন মোটরসাইকেল চড়ে যাচ্ছিলেন। চালকসহ তিনজন ছিলেন মোটরসাইকেলে। কারও মাথায় হেলমেট ছিল না। অস্থায়ী নিরাপত্তাচৌকিতে কর্তব্যরত ট্রাফিক পুলিশ মোটরসাইকেলটি থামিয়ে কাগজপত্র দেখতে চাইলে তিনি সাংবাদিক পরিচয়ে সেখান থেকে ফেসবুকে ‘লাইভ’ শুরু করেন। হয়রানির অভিযোগ তুলে প্রায় আধা ঘণ্টার লাইভে তিনি ট্রাফিক পুলিশকে ভর্ৎসনা করেন।

সিলেট নগরীর সুরমাগেট এলাকায় ৯ জুলাই সন্ধ্যার ঠিক আগে এ ঘটনা ঘটে। দুই দিন পর এ ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছে ট্রাফিক পুলিশ। রোববার রাতে শাহপরান থানায় দায়ের করা মামলায় ফেসবুকে লাইভ দেওয়া ব্যক্তি ফয়ছল কাদিরকে একমাত্র আসামি করা হয়েছে। মামলার পর ফেসবুক থেকে ভিডিও সরিয়ে ফয়ছল ঘটনার জন্য ‘মাফ চাই’ বলে আরেকটি লাইভ করেন।

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপকমিশনার জ্যোতির্ময় সরকার আজ সোমবার প্রথম আলোকে বলেন, মামলায় আসামির বিরুদ্ধে নম্বরবিহীন মোটরসাইকেল আটকের পর ফেসবুকে লাইভ করে ট্রাফিক বিভাগের কার্যক্রম নিয়ে নানা রকম কটূক্তি করেন। সরাসরি সম্প্রচারে তাঁর অশালীন উক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এসএমপির ট্রাফিক বিভাগের সার্জেন্ট মো. নুরুল আফসার ভূঁইয়া বাদী হয়ে এ মামলা করেন।