যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এমপি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে তিনি এ নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে ডা. তাহের বলেন, নিউইয়র্কের জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে আওয়ামী লীগের ফ্যাসিবাদী রাজনীতির সহযোগী হিসেবে উল্লেখ করা কয়েকজন ব্যক্তি কদর্য ও অশালীন ভাষা ব্যবহার করে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তা করেছেন। এ ধরনের আচরণ অগ্রহণযোগ্য ও অত্যন্ত নিন্দনীয়। তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
ডা. তাহের বলেন, বিশ্বব্যাপী সম্মানিত নোবেল বিজয়ী ড. ইউনূসকে হেনস্তার মাধ্যমে বাংলাদেশের নাগরিকদের পাশাপাশি রাষ্ট্র হিসেবে বাংলাদেশকেও আন্তর্জাতিক পরিসরে অপমানিত ও খাটো করা হয়েছে। বিশ্বদরবারে দেশের মর্যাদা সমুন্নত রাখতে বিদেশের মাটিতে দেশের সম্মানিত ব্যক্তিদের সঙ্গে এ ধরনের নিন্দনীয় আচরণ থেকে সবাইকে বিরত থাকা উচিত।
বিবৃতিতে তিনি আরও বলেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ফ্যাসিবাদী শক্তি দেশ ছেড়ে বিদেশে অবস্থান করেও দেশ ও জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে বলে তিনি মনে করেন। এ ধরনের কর্মকাণ্ড বিদেশে অবস্থানরত প্রবাসী এবং সফররত দেশপ্রেমিক বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা বিঘ্নিত করছে বলেও মন্তব্য করেন তিনি।
ডা. তাহের বলেন, শান্তিপ্রিয় ও প্রবাসী বাংলাদেশিরা এসব ষড়যন্ত্র প্রতিহত করে দেশের কল্যাণে কাজ করে যাবেন, ইনশাআল্লাহ। এ বিষয়ে বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও হাইকমিশনগুলোর কর্মকর্তাদের দায়িত্বশীল ও সাহসী পদক্ষেপ নেওয়া উচিত বলেও তিনি উল্লেখ করেন।
আইটি ল্যাব সলিউশন্স লি.