রাষ্ট্রমালিকানাধীন সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের তিন ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) নিয়োগ বাতিল করেছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে সোমবার (১৯ অক্টোবর) জারি করা পৃথক তিনটি চিঠিতে এ সুপারিশ করা হয়েছে।
চিঠিতে সই করেছেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফরোজা আক্তার রিবা। যাঁদের নিয়োগ বাতিলের সুপারিশ করা হয়েছে, তাঁরা হলেন সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শওকত আলী খান, জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে রোববার (১৮ অক্টোবর) সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে রাষ্ট্রায়ত্ত্ব তিন ব্যাংকের এমডির চুক্তিভিক্তিক নিয়োগ বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়। এর আগে অগ্রণী ব্যাংকের এমডির নিয়োগ বাতিলের সিদ্ধান্ত নিয়েছিল সরকার।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের চিঠিতে উল্লেখ করা হয়, ব্যাংক তিনটির ব্যবস্থাপনা পরিচালকদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের জন্য সরকার সুপারিশ ও সম্মতি জ্ঞাপন করেছে। ব্যাংক কোম্পানি আইন ও পরিচালনা পর্ষদের চুক্তিপত্র অনুযায়ী এ নিয়োগ বাতিলের বিষয়ে প্রয়োজনীয় পরবর্তী বিধিসম্মত কার্যক্রম গ্রহণের জন্য ব্যাংক তিনটির চেয়ারম্যানকে অনুরোধ করা হয়েছে।
বিগত অন্তর্বর্তী সরকারের আমলে এ তিনজন এমডি পদে নিয়োগ পেয়েছিলেন। তাঁরা আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংকে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে নিয়োজিত ছিলেন। সরকার এখন তাদের প্রতিস্থাপনে নতুন এমডি খুঁজছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.