নবম পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা প্রদানসহ তিন দফা দাবি আদায়ে আগামী ৪ নভেম্বর অবস্থান কর্মসূচি পালন করবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। এ কর্মসূচিতে অন্তত ২০ হাজার শিক্ষক-কর্মচারীর অংশগ্রহণ নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে আয়োজক সংগঠন।
পূর্বনির্ধারিত স্থান পরিবর্তন করে এবার জাতীয় প্রেস ক্লাবের সামনে কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি দেলাওয়ার হোসেন আজিজী জানান, শিক্ষকদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে এ কর্মসূচি সফল করতে প্রস্তুতি চলছে। এতে কমপক্ষে ২০ হাজার শিক্ষক-কর্মচারীর উপস্থিতি নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, শিক্ষকদের অনুরোধের পরিপ্রেক্ষিতে পূর্বঘোষিত কর্মসূচির স্থান পরিবর্তন করা হয়েছে। আগামী ৪ নভেম্বর সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হবে। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশকে (ডিএমপি) অবহিত করা হয়েছে।
আয়োজকদের ঘোষিত তিন দফা দাবির মধ্যে রয়েছে—স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের বদলির আদেশ অবিলম্বে জারি করা; নবম পে-স্কেল অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দ্রুত বেতন-ভাতা প্রদান এবং আগামী ঈদুল ফিতর থেকে শতভাগ উৎসব ভাতা নিশ্চিত করা।
এসব দাবি বাস্তবায়নের লক্ষ্যে দেশের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঐক্যবদ্ধভাবে অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন আয়োজক নেতারা। তাদের প্রত্যাশা, বিপুলসংখ্যক শিক্ষক-কর্মচারীর অংশগ্রহণের মধ্য দিয়ে দাবিগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোরালোভাবে তুলে ধরা সম্ভব হবে।
আইটি ল্যাব সলিউশন্স লি.