৭ হাজার কোটি টাকার মেগা প্রকল্পে বদলাবে সিলেট—বন্যা ও জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানের আশ্বাস
৬ লেন মহাসড়ক, ডাবল রেললাইন, স্বাস্থ্যসেবা ও আইটি খাতে বড় উন্নয়ন পরিকল্পনা ঘোষণা
সিলেট অফিস :
সিলেট সফরে এসে প্রধানমন্ত্রী তারেক রহমান নগরীর দীর্ঘদিনের বন্যা ও জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে প্রায় ৭ হাজার কোটি টাকার একটি মেগা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। তিনি জানান, প্রকল্পটি বাস্তবায়িত হলে সিলেটবাসী দীর্ঘদিনের এই ভোগান্তি থেকে মুক্তি পাবে।
দুপুরে সিলেট সদর উপজেলার কান্দিগাঁও এলাকায় বাসিয়া নদীর পুনঃখনন কাজের উদ্বোধন করেন তিনি। এর আগে নগরভবন প্রাঙ্গণে সিলেট সিটি কর্পোরেশন আয়োজিত সুধি সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে সিলেটের সামগ্রিক উন্নয়নে সরকারের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন।
প্রধানমন্ত্রী সিলেট-ঢাকা মহাসড়ককে ৬ লেনে উন্নীত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেন, দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এ প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা হবে। বর্তমানে সিলেট থেকে ঢাকায় যাতায়াতে ১০ থেকে ১২ ঘণ্টা সময় লাগায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে বলেও উল্লেখ করেন তিনি। পাশাপাশি ঢাকা-সিলেট রেলপথ ডাবল লাইনে উন্নীত করার পরিকল্পনার কথাও জানান।
স্বাস্থ্য খাতের উন্নয়নের কথা তুলে ধরে তিনি বলেন, ৯০০ শয্যার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালকে ১২০০ শয্যায় উন্নীত করার কাজ চলছে। এছাড়া ২৫০ শয্যার সিলেট জেলা হাসপাতাল দ্রুত চালুর আশ্বাস দেন তিনি।
তথ্যপ্রযুক্তি খাতে সিলেটকে এগিয়ে নিতে কোম্পানীগঞ্জে প্রতিষ্ঠিত আইটি পার্ক দ্রুত চালুর ঘোষণা দেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে বাসিয়া নদীর পুনঃখনন শেষে নদীর দুই তীরে ৫০ হাজার গাছ লাগানোর পরিকল্পনার কথাও জানান, যা সিলেটের পরিবেশ ও পর্যটন খাতে ইতিবাচক প্রভাব ফেলবে।
এছাড়াও জাতীয় পর্যায়ে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, বন্ধ কল-কারখানা পুনরায় চালু, নতুন শিল্প উদ্যোক্তা তৈরি এবং শিল্পায়ন সম্প্রসারণের মতো গুরুত্বপূর্ণ উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। এসব পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
আইটি ল্যাব সলিউশন্স লি.