তৃতীয়বাংলা ডেস্ক রিপোর্ট : সম্প্রীতি লন্ডনের একটা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে মাহি জলিল সাংবাদিক দের সাক্ষাৎকার দেবার সময় তিনি বলেন আপনারা নিজেদের সাংবাদিক বা সংগঠনের প্রতিনিধি পরিচয় দেওয়ার আগে নিজেদের যোগ্যতা ও দায়িত্বের কথা ভাবুন।
মাহি জলিল বলেন, শুধু সংগঠনের নাম ব্যবহার করে বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে বিনা পয়সায় খাওয়া, সঙ্গে পরিবারের সদস্য ও বাচ্চাদের নিয়ে যাওয়া—এটা কোনো পেশাদারিত্বের পরিচয় নয়। সংগঠনের পরিচয়কে ব্যক্তিগত সুবিধা ভোগের মাধ্যম বানাবেন না।
সাংবাদিকতা ও সংগঠন মানুষের সেবা এবং দায়িত্ব পালনের জায়গা, বিনা পয়সায় খাওয়াদাওয়ার সুযোগ নেওয়ার জায়গা নয়।
অ্যাওয়ার্ড ইভেন্ট নিয়ে মাহি জলিল বলেন, আর অ্যাওয়ার্ডের নামে যে ব্যবসা চলছে, সেটাও প্রশ্নের বাইরে নয়। কেউ সাড়ে তিন হাজার টাকা দিয়ে, কেউ পাঁচ হাজার টাকা দিয়ে, আবার কেউ আড়াই হাজার টাকা দিয়ে অ্যাওয়ার্ড কিনে নিয়ে আসছেন। এগুলো কি সত্যিকারের সম্মান, নাকি টাকার বিনিময়ে কেনা স্বীকৃতি?
এভাবে অ্যাওয়ার্ডের মূল্য ও সম্মান দুটোই নষ্ট হচ্ছে। ইন্ডাস্ট্রিতে কিছু স্বঘোষিত নেতা তৈরি হয়েছেন, যাঁরা নিজেদের স্বার্থে সবকিছু ব্যবহার করছেন। এভাবে একটি ইন্ডাস্ট্রি কখনো এগিয়ে যেতে পারে না।
আপনাদের আমার কথা ভালো লাগে না, কারণ আপনারা বাস্তবতা মেনে নিতে পারেন না। কিন্তু বাস্তবতা যত তিক্তই হোক, সত্যকে স্বীকার করতে শিখতে হবে।
আর আজকের কিছু সাংবাদিকের কাছে আমার প্রশ্ন—আপনারা কি সত্যিই সাংবাদিকতা করছেন, নাকি মানুষের অসহায়ত্বকে ক্যামেরাবন্দি করে ভাইরাল করার প্রতিযোগিতায় নেমেছেন?
আমরা যে সময়ে বড় হয়েছি, সেই সময় রাস্তায় কোনো মানুষ অসুস্থ হয়ে পড়ে থাকলে আমরা ক্যামেরা বের করতাম না। আমরা এগিয়ে গিয়ে তাঁকে সাহায্য করতাম, চিকিৎসার ব্যবস্থা করতাম।
কিন্তু আজ কিছু মানুষের কাছে মানবিকতার চেয়ে ক্যামেরা বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। রাস্তায় একজন অসুস্থ মানুষ পড়ে থাকলে তাঁকে কীভাবে সাহায্য করা যায়, সেই চিন্তার আগে ভিডিও করার চিন্তা চলে আসে। কীভাবে ভিডিওটি ভাইরাল হবে, কীভাবে মানুষের দৃষ্টি আকর্ষণ করা যাবে, সেটাই যেন মুখ্য বিষয়।
সাংবাদিকতার উদ্দেশ্য মানুষের পাশে দাঁড়ানো, মানুষের দুর্দশাকে বিনোদনের উপকরণ বানানো নয়।
আমরা এখন আর সেই অবস্থানে নেই। আমরা এগিয়েছি, আমাদের সন্তানরা এগিয়েছে। আমাদের সন্তানদের অনেকেই আজ ডাক্তারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশায় প্রতিষ্ঠিত।
তাহলে প্রশ্ন হলো, আমরা কি সত্যিই একটি ভালো সমাজ ও সুস্থ ইন্ডাস্ট্রি গড়ে তুলছি, নাকি নিজেদের স্বার্থে সবকিছু নষ্ট করছি?
মনে রাখবেন, অ্যাওয়ার্ড কিনে সম্মান পাওয়া যায় না। সম্মান অর্জন করতে হয় কাজের মাধ্যমে। নেতৃত্ব টাকার জোরে নয়, যোগ্যতা, সততা ও অবদানের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।
ইন্ডাস্ট্রিকে ভালোবাসলে ইন্ডাস্ট্রির ক্ষতি করবেন না। সাংবাদিকতার মর্যাদা রক্ষা করুন, মানবিকতা বজায় রাখুন এবং অ্যাওয়ার্ডের নামে বাণিজ্য বন্ধ করুন। স্বার্থের জন্য নয়, ইন্ডাস্ট্রির প্রকৃত উন্নতির জন্য কাজ করুন।
আইটি ল্যাব সলিউশন্স লি.