দাঁত থাকতে আমরা অনেকেই দাঁতের মূল্য বুঝি না,এই কথাটা আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি। কিন্তু সত্যিটা হলো, দাঁত শুধু আমাদের হাসি সুন্দর করে না, এটি শরীরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ, যার সঙ্গে অসংখ্য স্নায়ু (নার্ভ) জড়িত। দাঁতের সামান্য একটি সমস্যা বা ব্যথা পুরো শরীরকে অস্থির করে দিতে পারে। অনেক সময় দেখা যায়, দাঁতের ব্যথা থেকে শুরু হয়ে গলা ব্যথা, মাথা ব্যথা এমনকি কানে অস্বস্তিও অনুভূত হয়।
তাই দাঁতের যত্নকে অবহেলা করা মানে নিজের সার্বিক স্বাস্থ্যের ওপরই ঝুঁকি তৈরি করা। অথচ একটু সচেতনতা আর নিয়মিত পরিচর্যার মাধ্যমেই দাঁতের অধিকাংশ সমস্যাকে খুব সহজেই প্রতিরোধ করা সম্ভব।
প্রতিদিনের দাঁত ব্রাশের সঠিক নিয়ম-
দাঁতের যত্নের প্রথম ধাপই হলো সঠিকভাবে দাঁত ব্রাশ করা। কিন্তু আমরা অনেকেই এটি ঠিকভাবে করি না।
দিনে অন্তত দুইবার দাঁত ব্রাশ করা উচিত,সকালে নাস্তার পর এবং রাতে ঘুমানোর আগে,
প্রতিবার কমপক্ষে ২ মিনিট সময় নিয়ে ব্রাশ করা জরুরি
ব্রাশটি দাঁত ও মাড়ির সংযোগস্থলে ৪৫ ডিগ্রি কোণে ধরে হালকা হাতে ছোট ছোট ঘূর্ণন গতিতে ব্রাশ করতে হবে
শক্ত ব্রাশ নয়, সফট ব্রিসল টুথব্রাশ ব্যবহার করা ভালো
শুধু দাঁত নয়, জিহ্বাও পরিষ্কার করা উচিত
ফ্লস ও মাউথওয়াশের গুরুত্ব-
শুধু ব্রাশ করলেই দাঁত পুরোপুরি পরিষ্কার হয় না, কারণ দাঁতের ফাঁকে অনেক খাবারের কণা জমে থাকে।
প্রতিদিন অন্তত একবার ডেন্টাল ফ্লস ব্যবহার করা উচিত
প্রয়োজনে মাউথওয়াশ ব্যবহার করলে মুখের জীবাণু কমে
এতে ক্যাভিটি ও মাড়ির রোগ প্রতিরোধে সহায়তা করে
খাদ্যাভ্যাস ও দাঁতের সম্পর্ক-
দাঁতের সুস্থতা অনেকাংশেই নির্ভর করে আমাদের খাদ্যাভ্যাসের ওপর।
অতিরিক্ত চিনি ও মিষ্টি জাতীয় খাবার দাঁতের ক্ষয় বাড়ায়
কার্বনেটেড পানীয় দাঁতের এনামেল নষ্ট করে
দুধ, চিজ, শাকসবজি ও ফলমূল দাঁতকে মজবুত রাখতে সাহায্য করে
খাবারের পর মুখ কুলি করার অভ্যাস গড়ে তোলা উচিত
কতদিন পরপর দাঁত পরীক্ষা করা উচিত?-
অনেকে ভাবেন, দাঁতে ব্যথা না হলে ডেন্টিস্টের কাছে যাওয়ার প্রয়োজন নেই,এটি একটি ভুল ধারণা।
অন্তত প্রতি ৬ মাসে একবার দাঁতের চেকআপ করা উচিত
এতে প্রাথমিক অবস্থায় সমস্যা ধরা পড়ে
প্রয়োজনে স্কেলিংয়ের মাধ্যমে দাঁতের পাথর (টার্টার) দূর করা যায়
যেসব অভ্যাস দাঁতের ক্ষতি করে-
আমাদের কিছু দৈনন্দিন অভ্যাস দাঁতের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে।
বারবার মিষ্টি বা চকলেট খাওয়া
দাঁত দিয়ে বোতল খোলা বা শক্ত বস্তু কামড়ানো
ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার
একই টুথব্রাশ দীর্ঘদিন ব্যবহার করা (প্রতি ৩ মাসে পরিবর্তন করা উচিত)
দাঁতের যত্ন কোনো বিলাসিতা নয়, এটি আমাদের প্রতিদিনের জীবনের অপরিহার্য অংশ। নিয়মিত পরিষ্কার, সঠিক খাদ্যাভ্যাস এবং সময়মতো ডেন্টাল চেকআপ, এই কয়েকটি সহজ নিয়ম মেনে চললেই দাঁতের বেশিরভাগ সমস্যা এড়ানো সম্ভব।
সুস্থ দাঁত মানে শুধু সুন্দর হাসি নয়, বরং একটি সুস্থ ও স্বাচ্ছন্দ্যময় জীবন।
লেখক : -ডা: সানজিদা সিদ্দিকা দীপ্তি
বিডিএস (ঢাকা ডেন্টাল কলেজ), বি,সি,এস ( স্বাস্হ্য), পিজিটি ( কনজারভেটিভ ডেন্ট্রিস্ট্রি এন্ড এন্ডোডন্টিক্স),
ডেন্টাল সার্জন, উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স কোম্পানীগন্জ, নোয়াখালী
আইটি ল্যাব সলিউশন্স লি.