সিলেট ডেস্ক :
সিলেট বিভাগজুড়ে পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। বিভাগটির চার জেলায় প্রায় আট হাজার ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হতে যাচ্ছে। মুসল্লিদের নির্বিঘ্নে নামাজ আদায় নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী নিয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
প্রাপ্ত তথ্যমতে, সিলেট বিভাগের মধ্যে সবচেয়ে বেশি ঈদ জামাত অনুষ্ঠিত হবে হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলায়। এর মধ্যে সিলেট জেলায় ২ হাজার ৩০৭টি, মৌলভীবাজারে ১ হাজার ৫১০টি, হবিগঞ্জে ১ হাজার ৫৫৯টি এবং সুনামগঞ্জে ২ হাজার ৪৭৩টি ঈদ জামাতের আয়োজন করা হয়েছে।
সিলেট জেলা পুলিশ সূত্র জানায়, জেলায় ১ হাজার ৯৮৭টি মসজিদ ও ৩২০টি ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ঈদগাহ ও মসজিদগুলোতে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান জানান, ঈদ জামাতকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে।
অন্যদিকে, মৌলভীবাজার জেলায় ১ হাজার ৭৭টি মসজিদ ও ৪৩৩টি ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। হবিগঞ্জে ৯৩৪টি মসজিদ ও ৬২৫টি ঈদগাহে মুসল্লিরা একসঙ্গে ঈদের নামাজ আদায় করবেন। এছাড়া সুনামগঞ্জে প্রায় ৬১০টি ঈদগাহ ও ১ হাজার ৮৬৩টি মসজিদে ঈদের জামাতের প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে।
ডিআইজি সিলেট রেঞ্জ কার্যালয়ের পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড ট্রাফিক) মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, ঈদকে কেন্দ্র করে শুধু নামাজের নিরাপত্তাই নয়, পর্যটনকেন্দ্র, যান চলাচল এবং বাসাবাড়ির নিরাপত্তা নিশ্চিতে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, “মুসল্লিরা যেন শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে ঈদের নামাজ আদায় করতে পারেন, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।”
আইটি ল্যাব সলিউশন্স লি.