প্রকাশিত: ১২ জুন, ২০২৬ ০৪:২০ (শনিবার)
বাংলাদেশ নারী ক্রিকেট দলকে বাংলাদেশ সহকারী হাইকমিশন, বার্মিংহামের সংবর্ধনা

বার্মিংহাম, যুক্তরাজ্য:

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ অংশগ্রহণ উপলক্ষে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলকে সম্মান জানাতে বাংলাদেশ সহকারী হাইকমিশন, বার্মিংহাম এক আন্তরিক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে।

আগামী ১৪ জুন ২০২৬ তারিখে এজবাস্টন ক্রিকেট স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ নারী দল। এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আসরে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী খেলোয়াড়দের উৎসাহ ও শুভকামনা জানাতেই এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ সহকারী হাইকমিশনের কর্মকর্তাবৃন্দ, যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ, ক্রীড়াপ্রেমী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, বাংলাদেশ নারী ক্রিকেট দল আন্তর্জাতিক অঙ্গনে দেশের মর্যাদা বৃদ্ধি করছে এবং তাদের সাফল্য নতুন প্রজন্মের নারী খেলোয়াড়দের অনুপ্রাণিত করবে।

বাংলাদেশ সহকারী হাইকমিশনার তাঁর বক্তব্যে বলেন,

"বাংলাদেশ নারী ক্রিকেট দলের প্রতি আমাদের পূর্ণ সমর্থন ও শুভকামনা রয়েছে। তারা দেশের পতাকা বহন করে বিশ্বমঞ্চেলড়াই করবে। আমরা আশা করি, তারা তাদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে বাংলাদেশের জন্য গৌরব বয়ে আনবে।"

অনুষ্ঠানে দলের অধিনায়ক ও খেলোয়াড়রা উষ্ণ অভ্যর্থনার জন্য বাংলাদেশ সহকারী হাইকমিশন এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বিশ্বকাপে নিজেদের সেরাটা দিয়ে দেশের জন্য ইতিবাচক ফলাফল অর্জনের প্রত্যয় ব্যক্ত করেন।

সংবর্ধনা অনুষ্ঠানের শেষে খেলোয়াড়দের সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং তাদের সফলতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ নারী ক্রিকেট দলের বিশ্বকাপ যাত্রা উপলক্ষে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। সকলেই আশা করছেন, টাইগ্রেসরা এবারের বিশ্বকাপে স্মরণীয় সাফল্য অর্জন করবে।