বার্মিংহাম: প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ক্রীড়া চর্চা, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং পারস্পরিক সম্প্রীতি জোরদারের লক্ষ্যে বাংলাদেশ ক্রীড়া পরিষদ ইউকে সিআইসির উদ্যোগে নবম ক্রীড়া মেলা আগামী ২৬ জুলাই ২০২৬ (রোববার) বার্মিংহামের ঐতিহাসিক স্মলহিথ পার্কে অনুষ্ঠিত হবে।
দিনব্যাপী এ আয়োজনে থাকবে বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা, বাংলাদেশের ঐতিহ্যবাহী গ্রামীণ খেলা, পারিবারিক বিনোদন, শিশু-কিশোরদের জন্য বিশেষ কার্যক্রম, সাংস্কৃতিক পরিবেশনা এবং নানা আকর্ষণীয় আয়োজন। অনুষ্ঠানে যুক্তরাজ্যে বসবাসরত সকল বাংলাদেশি ও কমিউনিটির সদস্যদের পরিবার-পরিজনসহ অংশগ্রহণের জন্য আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকরা।
ক্রীড়া মেলা সম্পর্কে বাংলা প্রেস ক্লাব মিডল্যান্ডস বার্মিংহামের সভাপতির সঙ্গে এক আলাপকালে তিনি বলেন, “বাংলাদেশ ক্রীড়া পরিষদ ইউকে সিআইসির আয়োজকরা অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ ও সৃজনশীল। তাদের প্রতিটি আয়োজনই কমিউনিটিতে ইতিবাচক প্রভাব ফেলে এবং ব্যাপক সাড়া জাগায়।”
কমিউনিটি ব্যক্তিত্ব ও বিবিএসসির সাধারণ সম্পাদক জামিল আহমেদ বলেন, “এই ক্রীড়া মেলায় বাংলাদেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী খেলাগুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এ কারণেই আমি প্রতিবছর মেলায় অংশগ্রহণ করি এবং উপভোগ করি।”
মহিলা সংগঠক সানাজ বেগম বলেন, “যদিও আমার জন্ম যুক্তরাজ্যে, তবুও বাংলাদেশের ঐতিহ্যবাহী খেলাগুলো আমি খুব উপভোগ করি। এই ধরনের আয়োজন নতুন প্রজন্মকে নিজেদের শিকড়ের সঙ্গে পরিচিত হতে সাহায্য করে।”
আয়োজকদের পক্ষ থেকে শহীদুর রহমান সুহেল বলেন, “প্রতিবছরের মতো এবারও নবম ক্রীড়া মেলা ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে। আমরা আশা করছি, এটি প্রবাসী বাংলাদেশি কমিউনিটির একটি বৃহৎ মিলনমেলায় পরিণত হবে।”
মেলায় স্টল বুকিং এবং যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করা যাবে: ০৭৯৮৫ ২৫৬৩৯৫ নম্বরে।
আইটি ল্যাব সলিউশন্স লি.