প্রকাশিত: ১৮ জুন, ২০২৬ ০০:০২ (শুক্রবার)
ব্যারিস্টার নাজিরের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালেন যুক্তরাজ্য বিএনপির সদস্য সচিব খসরুজ্জামান খসরু

নিজস্ব প্রতিবেদক:

যুক্তরাজ্য বিএনপির সদস্য সচিব খসরুজ্জামান খসরু ব্যারিস্টার নাজিরের সাম্প্রতিক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, এনসিপি আয়োজিত একটি সভায় ব্যারিস্টার নাজির তার বক্তব্যের এক পর্যায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে যে মন্তব্য করেছেন, তা "অযাচিত, অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয়।"

"বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি ইউকে" ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় খসরুজ্জামান খসরু বলেন, বিএনপির নেতা-কর্মীদের এ ধরনের "গুপ্ত" ব্যক্তিদের সম্পর্কে সতর্ক থাকতে হবে।

তিনি আরও দাবি করেন, ব্যারিস্টার নাজির বিভিন্ন সময় বিএনপির বিভিন্ন সভা-সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য দিয়েছেন। সে কারণে অনেকেই তাকে বিএনপির শুভাকাঙ্ক্ষী বা সমর্থক বলে মনে করতেন। তবে খসরুর ভাষ্য অনুযায়ী, সাম্প্রতিক বক্তব্যের মাধ্যমে নাজির তার "আসল পরিচয়" প্রকাশ করেছেন।

খসরুজ্জামান খসরু আরও দাবি করেন, ব্যারিস্টার নাজির বিচারপতি হওয়ার প্রত্যাশা করেছিলেন। কিন্তু বিভিন্নভাবে চেষ্টা করেও সে লক্ষ্য অর্জন করতে না পেরে তিনি হতাশ হয়ে এখন বিএনপির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন বলে অভিযোগ করেন তিনি।

ভিডিও বার্তার শেষাংশে খসরু বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং দল ও এর শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে "অপপ্রচার ও বিভ্রান্তিমূলক বক্তব্য" সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান।