প্রকাশিত: ১০ জুলাই, ২০২৬ ০৩:৫৯ (বুধবার)
লর্ডসে প্রথম নারী টেস্ট ঘিরে বর্ণাঢ্য আয়োজন, ৫০ বছরের ইতিহাস উদযাপন হতে যাচ্ছে আজ ১০ জুলাই

এম মোস্তফা / লন্ডন, ১০ জুলাই: ইংল্যান্ড ও ভারতের মধ্যকার ঐতিহাসিক রথেসে (Rothesay) নারী টেস্টকে ঘিরে বর্ণাঢ্য আয়োজন করেছে মেরিলেবোন ক্রিকেট ক্লাব (MCC)। লর্ডসের ইতিহাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হওয়া এই নারী টেস্টকে স্মরণীয় করে রাখতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। ইতোমধ্যে ম্যাচটির জন্য ৩৩ হাজারের বেশি টিকিট বিক্রি হয়েছে, যা এটিকে বিশ্বের ইতিহাসে সর্বাধিক দর্শক উপস্থিত নারী টেস্ট ম্যাচগুলোর অন্যতম করে তুলেছে। একই সঙ্গে নারী টেস্টে সর্বোচ্চ দর্শক উপস্থিতির বিশ্বরেকর্ড (৩৫,৩৬৫) ভাঙার সম্ভাবনাও তৈরি হয়েছে।

ম্যাচটির প্রথম দিনটি উৎসর্গ করা হয়েছে ১৯৭৬ সালে র্যাচেল হেও-ফ্লিন্টের নেতৃত্বে ইংল্যান্ড নারী দলের প্রথমবার লর্ডসের মূল মাঠে খেলার ৫০ বছর পূর্তি উদযাপনে। এ উপলক্ষে ৫০ জনেরও বেশি সাবেক ইংল্যান্ড নারী ক্রিকেটার লর্ডসে উপস্থিত থাকবেন। তাঁদের মধ্যে রয়েছেন এনিড বেকওয়েল, লিন থমাস, ক্রিস ওয়াটমো, জ্যানেট সাউথগেট, জ্যাকি কোর্ট, মেগান লিয়ার, গ্লিনিস কালি ও শার্লি হজেসসহ আরও অনেকে।

খেলা শুরুর আগে মাঠে বিশেষ উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই ঐতিহাসিক মাইলফলক উদযাপন করা হবে। এরপর পাঁচ মিনিটের প্রতীকী ঘণ্টাধ্বনি অনুষ্ঠানে অংশ নেবেন সাবেক নারী ক্রিকেটাররা। একই অনুষ্ঠানে এমসিসির সভাপতি এড স্মিথ ইংল্যান্ড ও ভারতের দুই অধিনায়কের হাতে স্মারক ম্যাচ ক্যাপ তুলে দেবেন।

ঐতিহাসিক এই উপলক্ষকে ঘিরে লর্ডসজুড়ে বিশেষ ব্র্যান্ডিং করা হয়েছে। মাঠের বড় স্ক্রিন, এলইডি বোর্ড, বার্কলেজ মিডিয়া সেন্টার এবং ট্যাভার্ন বোর্ডে প্রথম নারী টেস্ট ও নারী-শিশু ক্রিকেটের ৫০ বছর পূর্তির বার্তা প্রদর্শিত হবে। পাশাপাশি দর্শকদের জন্য 'First Women's Test at Lord's' স্মারক সামগ্রী বিক্রির ব্যবস্থাও রাখা হয়েছে।

প্রথম দিনের সকালে লং রুমে এমসিসি তাদের 'Representing Women' উদ্যোগের অংশ হিসেবে নারী ক্রিকেটের কিংবদন্তিদের নতুন প্রতিকৃতি উন্মোচন করবে। শিল্পী অ্যাঞ্জ বেল এঁকেছেন এনিড বেকওয়েল, মেরি ডাগান, জ্যান ব্রিটিন ও মার্টল ম্যাকলাগানের প্রতিকৃতি। এছাড়া ১৯৯৩ বিশ্বকাপজয়ী ইংল্যান্ড নারী দলের দলীয় প্রতিকৃতি এঁকেছেন ক্রিস্টিয়ান এভজু। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক বেলিন্ডা ক্লার্কের প্রতিকৃতিও এদিন উন্মোচন করা হবে।

নারী ক্রিকেটের প্রসারে বিভিন্ন উদ্যোগও নেওয়া হয়েছে। এমসিসি, স্কাই স্পোর্টস ও 'টেক হার লিড' যৌথভাবে ২০২৬ সালের 'ইয়াং ফিমেল ব্রডকাস্টার' প্রতিযোগিতার সংক্ষিপ্ত তালিকা ও বিজয়ীর নাম ঘোষণা করবে। একই সঙ্গে 'Inside the Kit Bag' শীর্ষক একটি আলোকচিত্র প্রদর্শনীতে যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্তের নারী ও কিশোরী ক্রিকেটের বাস্তব অভিজ্ঞতার প্রায় ৪০টি ছবি প্রদর্শিত হবে।

ম্যাচ চলাকালীন দর্শকদের জন্য থাকছে নানা বিনোদনের আয়োজনও। শিশুদের জন্য বিনামূল্যে ক্রিকেট কোচিং, উন্নতমানের ক্রিকেট ব্যাট জয়ের সুযোগ, প্রাপ্তবয়স্কদের জন্য প্রিমিয়াম আতিথেয়তা জয়ের প্রতিযোগিতা, নতুন হেরিটেজ ট্রেইল, 'লিটল লর্ডস এক্সপ্লোরার' কার্যক্রম বই, বড় আকারের গার্ডেন গেমস, ভারতীয় নৃত্য ও সঙ্গীত পরিবেশনা, দ্বিতীয় দিনে ৩০০ সদস্যের রক কয়ারের পরিবেশনা এবং ফেস পেইন্টিং ও গ্লিটার আর্টের ব্যবস্থাও রাখা হয়েছে।

এছাড়া নার্সারি গ্রাউন্ডে ভ্যুভ ক্লিকো (Veuve Clicquot)-এর বিশেষ আয়োজনে দর্শনার্থীরা প্রথম নারী টেস্ট স্মরণে বোতলে নিজেদের পছন্দের বার্তা খোদাই করাতে পারবেন। অনুষ্ঠানে উপস্থিত সাবেক ৫০ জন ইংল্যান্ড নারী ক্রিকেটারকে ব্যক্তিগতভাবে খোদাই করা স্মারক বোতল উপহার দেওয়া হবে।

ঐতিহাসিক এই ম্যাচের মাধ্যমে শুধু লর্ডসে প্রথম নারী টেস্টের সূচনাই নয়, বরং নারী ক্রিকেটের দীর্ঘ পথচলা, অবদান এবং ভবিষ্যৎ সম্ভাবনাকেও বিশেষভাবে উদযাপন করা হবে।