সিলেট

সিলেটে আমেরিকা প্রবাসীর মরদেহ উদ্ধার

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬ ০৭:৪০

‎সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা এলাকা থেকে মো. নুরুল ইসলাম (৬৫) নামে এক আমেরিকা প্রবাসীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
‎
‎শুক্রবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কায়স্থরাইল এলাকার একটি বাসার দ্বিতীয় তলা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
‎
‎নিহত নুরুল ইসলাম দক্ষিণ সুরমা থানাধীন কায়স্থরাইল এলাকার ২ নম্বর রোডের ২৫ নম্বর বাসার বাসিন্দা। তিনি ওই এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে।
‎
‎স্থানীয় সূত্রে জানা গেছে, বাসার বাথরুমে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল নুরুল ইসলামের মরদেহ। মরদেহের পাশে রান্নাঘরে ব্যবহৃত একটি দা পাওয়া গেছে। ওই বাসায় নুরুল ইসলাম তাঁর স্ত্রীকে নিয়ে বসবাস করতেন।
‎
‎শুক্রবার সকালে বাসার দ্বিতীয় তলায় তাঁর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে দক্ষিণ সুরমা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
‎
‎বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম কর্মকর্তা উপ-কমিশনার মো. আফজাল হোসেন। তিনি জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশের তদন্ত চলমান রয়েছে।
‎
‎নুরুল ইসলামের মৃত্যুর প্রকৃত কারণ এবং এটি হত্যাকাণ্ড কি না, তা ময়নাতদন্ত ও পুলিশি তদন্তের পর জানা যাবে।
‎

সিলেট থেকে আরো পড়ুন