সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক বলেছেন, দিল্লির ইশারায় একটি পক্ষ বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে।
তিনি বলেন, গত ১৫ বছর ধরে দিল্লি ও মিয়ানমার থেকে অবৈধ অস্ত্র ও মাদক সরবরাহের মাধ্যমে দেশের যুব ও ছাত্রসমাজকে ধ্বংসের ষড়যন্ত্র করা হয়েছে।
রোববার রাতে দক্ষিণ সুরমার তেতলি এলাকায় নিজ বাসায় দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এক সভায় এসব কথা বলেন তিনি।
সভায় দলীয় নেতাকর্মীদের উদ্দেশে এম এ মালিক বলেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। দিল্লির লোকজন বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। একটি পক্ষ অস্ত্র ব্যবহার করে দেশের মানসম্মান ক্ষুণ্ন করার পাশাপাশি অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। গত ১৫ বছর ধরে দিল্লি ও মিয়ানমার থেকে অবৈধ অস্ত্র ও মাদক সরবরাহের মাধ্যমে দেশের যুব ও ছাত্রসমাজকে ধ্বংসের নীলনকশা তৈরি করা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।
এম এ মালিক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী চাইলে রাতারাতি কঠোর ব্যবস্থা নিতে পারতেন। কিন্তু গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার স্বার্থে তাঁরা ধৈর্য ধারণ করছেন। দলীয় নেতাকর্মীদেরও ধৈর্য ধরার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে এই ধৈর্যকে দুর্বলতা মনে করার কোনো কারণ নেই।
তিনি বলেন, গত ১৫ বছরে বিএনপির নেতাকর্মীরা মামলা, হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। অনেকের বিরুদ্ধে এখনো মামলা চলমান রয়েছে। কিন্তু সরকার গঠনের পর বিএনপি প্রতিপক্ষের বিরুদ্ধে প্রতিশোধমূলক কোনো পদক্ষেপ নেয়নি। বরং যাঁদের বিরুদ্ধে অতীতে নির্যাতনের অভিযোগ রয়েছে, তাঁদেরও নিরাপত্তা দেওয়া হচ্ছে।
সন্ত্রাস ও মাদকবিরোধী অবস্থান তুলে ধরে এই সংসদ সদস্য বলেন, ‘আমাদের লড়াই হচ্ছে মাদক কারবারিদের বিরুদ্ধে, আমাদের লড়াই সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে। এই দেশকে সন্ত্রাসমুক্ত করতে হবে। যারা সন্ত্রাসের সঙ্গে জড়িত, তাদের বিষদাঁত ভেঙে দেওয়ার প্রস্তুতি হিসেবেই আজকের এই সভা।’
এ সময় দক্ষিণ সুরমাসহ সিলেট-৩ আসনের বিভিন্ন এলাকায় গভীর রাতে বহিরাগতদের আনাগোনা এবং নিষিদ্ধ সংগঠনের নামে অস্ত্রের মহড়া ও তৎপরতার অভিযোগ তুলে উদ্বেগ প্রকাশ করেন তিনি। এসব কর্মকাণ্ডের মাধ্যমে শান্তিপূর্ণ এলাকায় অস্থিতিশীলতা তৈরির চেষ্টা হচ্ছে বলে দাবি করেন এম এ মালিক।
এ পরিস্থিতি মোকাবিলায় তিন উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এলাকায় যারা সন্ত্রাস, মাদক কারবার, জঙ্গিবাদ এবং নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমের সঙ্গে জড়িত, তাদের একটি তালিকা তৈরি করতে হবে। সেই তালিকা সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দিতে হবে।
তবে কাউকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার নির্দেশনা দিয়ে তিনি বলেন, কেউ যেন তাদের মতো অস্ত্র নিয়ে রাস্তায় বের না হন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এ ক্ষেত্রে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এম এ মালিক আরও বলেন, সিলেট-৩ আসনের দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ উপজেলা এবং সংশ্লিষ্ট এলাকাগুলোতে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করা হবে। এ কার্যক্রমের স্লোগান হবে ‘উই হেট ক্রাইম’।
কর্মসূচির অংশ হিসেবে দক্ষিণ সুরমার চণ্ডীপুল থেকে সেলফি সেতু পর্যন্ত তিন উপজেলার নেতাকর্মীদের অংশগ্রহণে বৃহৎ র্যালি আয়োজনের প্রস্তাব দেন তিনি। পাশাপাশি তিন উপজেলায় পৃথকভাবে মাদক ও সন্ত্রাসবিরোধী র্যালি, প্রচার কার্যক্রম এবং জনসেবামূলক কর্মসূচি পালনের আহ্বান জানান।
সভায় তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক পরিবেশ, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করেন এম এ মালিক। তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ‘সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ’- এই প্রত্যয় নিয়ে দলীয় নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সিলেট থেকে আরো পড়ুন