আন্তর্জাতিক

তোমরা ক্ষেপণাস্ত্র ছুঁড়েছো, এবার তা বন্ধ করো

প্রকাশ: ০৮ জুন ২০২৬ ০৭:২৯

ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর ইরানকে আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের উদ্দেশে তিনি বলেছেন, ‘তোমরা ক্ষেপণাস্ত্র ছুঁড়েছো, এবার তা বন্ধ করো। আলোচনার টেবিলে ফিরে আসো এবং একটি চুক্তি করো।’

 
রোববার (৭ জুন) রাতে উত্তর ইসরাইলে ইরান ক্ষেপণাস্ত্র ছোঁড়ার পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে এ তথ্য জানান।

ট্রাম্প বলেন, ইরানকে আলোচনার টেবিলে ফিরে আসতে হবে এবং একটি চুক্তি করতে হবে। এটি (ক্ষেপণাস্ত্র হামলা) নিশ্চিতভাবেই আলোচনা প্রক্রিয়ায় কোনো সাহায্য করবে না।

তিনি বলেন, আমরা চুক্তির খুব কাছাকাছি ছিলাম। আমি বলব, সামনের সপ্তাহের সোমবার, মঙ্গলবার বা বুধবারের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হবে।

শনিবার (৬ জুন) লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলি দাহিয়েহতে স্থানীয় সময় সন্ধ্যায় বিমান অভিযান চালিয়েছে ইসরাইলের বিমানবাহিনী (আইএএফ)। এতে আহত হয়েছে ৪ জন শিশুসহ কমপক্ষে ২০ জন। বৈরুতে আইএএফ হামলা চালানোর পর তাৎক্ষণিকভাবে ট্রাম্প বলেছিলেন, এতে খুশি হননি তিনি।

রোববারের হামলার পর ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, বৈরুতে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) হামলার জবাব দিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে উত্তর ইসরাইলে।

ইসরাইলি সামরিক বাহিনী দাবি করেছে, ইরান থেকে ইসরাইলকে লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। আকাশপথে নিক্ষিপ্ত এসব ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে বলেও জানানো হয়। 

চলমান যুদ্ধবিরতির মধ্যে এ হামলার ঘটনা ঘটল। এর আগে লেবাননের রাজধানীতে ইসরাইলি হামলার জবাবে পালটা আঘাতের হুঁশিয়ারি দিয়েছিলেন ইরানি কর্মকর্তারা।

আন্তর্জাতিক থেকে আরো পড়ুন