খেলাধুলা

বার্মিংহামে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিবিএসসি টেপ টেনিস টুর্নামেন্ট ২০২৬

প্রকাশ: ১২ জুন ২০২৬ ১৭:৪৫

যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশি কমিউনিটির অন্যতম ক্রীড়া আয়োজন হিসেবে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে “বিবিএসসি টেপ টেনিস টুর্নামেন্ট ২০২৬”। ব্রিটিশ বাংলা সোশ্যাল ক্লাব (BBSC) আয়োজিত এই টুর্নামেন্ট আগামী ১৫ জুন ২০২৬ (সোমবার) বার্মিংহামের প্লেক পার্ক (WS2 9AG)-এ অনুষ্ঠিত হবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, টুর্নামেন্টে সর্বোচ্চ ১৬টি দল অংশগ্রহণ করতে পারবে। ইতোমধ্যেই ১২টি দল তাদের অংশগ্রহণ নিশ্চিত করে নিবন্ধন সম্পন্ন করেছে, ফলে বাকি রয়েছে মাত্র ৪টি স্থানের সুযোগ। এতে স্থানীয় ক্রিকেটপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে।

প্রতিটি দলে ৮ জন খেলোয়াড় অংশ নিতে পারবেন এবং ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৭ ওভারের ফরম্যাটে। অংশগ্রহণ ফি নির্ধারণ করা হয়েছে প্রতি দল £১২০। খেলোয়াড়দের জন্য স্ন্যাকস ও পানীয়ের ব্যবস্থাও থাকবে।

পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দল পাবে £৬০০ এবং রানার-আপ দল পাবে £৩০০। আয়োজকদের প্রত্যাশা, এই টুর্নামেন্ট শুধু প্রতিযোগিতামূলক ক্রিকেটই নয়, বরং প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও কমিউনিটি বন্ধন আরও সুদৃঢ় করবে।

টুর্নামেন্ট সম্পর্কে আয়োজকদের মধ্যে বিবিএসসি ক্লাবের সাধারণ সম্পাদক জামিল আহমেদ বলেন, “আমরা চাই এই টুর্নামেন্টের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য ও খেলাধুলার সংস্কৃতি আরও শক্তিশালী হোক। ইতোমধ্যেই ১২টি দল নিবন্ধন সম্পন্ন করেছে, যা আমাদের প্রত্যাশার চেয়েও বেশি সাড়া। আমরা বিশ্বাস করি, এই আয়োজন বার্মিংহামের বাংলাদেশি কমিউনিটির জন্য একটি স্মরণীয় ক্রীড়া উৎসবে পরিণত হবে।”

তিনি আরও বলেন, “One Passion, One Game, One Community—এই মূলমন্ত্রকে সামনে রেখেই আমরা কাজ করছি। সকল ক্রিকেটপ্রেমীকে এই আয়োজনের সঙ্গে সম্পৃক্ত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।”

দল নিবন্ধন কার্যক্রম এখনও চলমান রয়েছে। আগ্রহী দলগুলোকে দ্রুত নিবন্ধনের জন্য আহ্বান জানিয়েছেন আয়োজকরা, কারণ অংশগ্রহণের বাকি আসন সংখ্যা এখন খুবই সীমিত।

প্রতিবেদন: তৃতীয় বাংলা ডেস্ক

খেলাধুলা থেকে আরো পড়ুন