ডারউইন টেস্টে বাংলাদেশ যখন ভালো অবস্থানে, তখন মাঠে উত্তেজনা তৈরি হয় মেহেদী হাসান মিরাজ ও মিচেল স্টার্কের মধ্যে। সিঙ্গেল নেওয়ার সময় পিচের মাঝ দিয়ে দৌড়ান মিরাজ। এ নিয়েই দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। আম্পায়ার কুমার ধর্মসেনা দ্রুত এগিয়ে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।
ঘটনাটি ঘটে বাংলাদেশের ইনিংসের ১০৩তম ওভারে। স্টার্কের বলে পয়েন্টে ঠেলে দিয়ে দৌড় শুরু করেন মিরাজ। বল দেখতে গিয়ে তিনি খেয়াল করতে পারেননি সামনে স্টার্ক ছিলেন। তাকে পাশ কাটাতে গিয়ে পিচের সুরক্ষিত অংশ দিয়েই দৌড়ান তিনি। নিয়ম অনুযায়ী, ব্যাটারদের এই অংশ এড়িয়ে দৌড়ানোর কথা। তাই আম্পায়ার মিরাজকে সতর্ক করেন। পরে মিরাজ বলেন, ‘আমি দেখতে পারিনি।’
এদিকে স্টাম্প মাইক্রোফোনে শোনা যায় স্টার্কের ক্ষুব্ধ কণ্ঠ। তিনি মিরাজকে বলেন, ‘এটা আমার ফলো-থ্রু, এখন তোমার ফলো-থ্রু। উইকেট থেকে সরে যাও।’ নিজের জায়গায় ফেরার সময় আরও বলেন, ‘তুমি এখন আর বাংলাদেশে নেই।’
তবে সাবেক অধিনায়ক রিকি পন্টিং মনে করেন, মিরাজ ইচ্ছাকৃতভাবে এমনটা করেননি। চ্যানেল সেভেনে তিনি বলেন, ‘আমার মনে হয় না এটা ইচ্ছাকৃত ছিল।’ তার মতে, স্টার্ক পথে থাকায় দ্রুত দৌড়াতে গিয়ে মিরাজ এই পথ বেছে নেন। ধারাভাষ্যকার অ্যালিস্টার নিকোলসনের মতে, স্টার্কের এই উত্তেজনা আসলে দলের হতাশারই প্রকাশ।
দিনের খেলাতেও অস্ট্রেলিয়া ছিল বেশ চাপে। তানজিদ তামিমের ১০১ ও শান্তর ৮৪ রানের পর মিরাজ-হাসানের প্রতিরোধে বাংলাদেশের লিড দাঁড়ায় ১৫৩ রানে। মিরাজ ৩২ ও হাসান ১৩ রানে অপরাজিত আছেন।
খেলাধুলা থেকে আরো পড়ুন