প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬ ০৯:৫১
দেশকে অস্থিতিশীল করতে পার্শ্ববর্তী দেশ থেকে পরাজিত শক্তি উসকানি দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। একই সঙ্গে দেশের ভেতরের একটি রাজনৈতিক শক্তিও এ কাজে যুক্ত রয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।
সোমবার বেলা আড়াইটায় সিলেটের একটি হোটেলের হলরুমে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন রিজভী।
জামায়াতের আমিরের আরেকটি বিপ্লবের অপেক্ষায় থাকার বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, মাত্র আট মাসের সরকারকে বেকায়দায় ফেলতেই এমন চেষ্টা চলছে। সংসদে আলোচনা না করে যারা লংমার্চ করছেন, তারা এ বিষয়ে ইন্ধন দিচ্ছেন না, এমনটা জনগণ ভাববে না।
এ সময় কেউ চোরাপথে কিংবা পেছনের দরজা দিয়ে দেশে প্রবেশের চেষ্টা করলে তা মেনে নেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি। এসব কর্মকাণ্ডের সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখারও আহ্বান জানান বিএনপির এই নেতা।
এর আগে সকালে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের দুই দশক পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রুহুল কবির রিজভী। দিনব্যাপী সফর শেষে বিকেলে ঢাকায় ফেরার কথা রয়েছে তাঁর।
রাজনীতি থেকে আরো পড়ুন