সিলেট

সিলেটে বিএনপি নেতা নাসিমের আর্থিক সহায়তা ২৩ বছর পর মুক্তি চা-শ্রমিক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬ ০৫:১৬

একটি হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত চা-শ্রমিক নাইটু মুণ্ডা রাজু (৫০) দীর্ঘ ২৩ বছর কারাভোগের পর মুক্তি পেয়েছেন। তবে কারামুক্তির শেষ বাধা হয়ে দাঁড়িয়েছিল ৫০ হাজার টাকার অর্থদণ্ড। অসহায় এই শ্রমিকের মুক্তির জন্য অর্থদণ্ডের পুরো টাকা পরিশোধ করেছেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন।

রোববার (৮ নভেম্বর) সিলেট কেন্দ্রীয় কারাগার-২ থেকে মুক্তি পান রাজু মুণ্ডা। এর আগের রাতে অর্থদণ্ডের টাকা পরিশোধের ব্যবস্থা হওয়ায় তার মুক্তির প্রক্রিয়া সম্পন্ন হয়।

কারাগার সূত্রে জানা যায়, ২০০৩ সাল থেকে একটি হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছিলেন হবিগঞ্জের চুনারুঘাটের বাসিন্দা নাইটু মুণ্ডা রাজু। সম্প্রতি সাধারণ ক্ষমার আওতায় তার কারাদণ্ড মওকুফের আদেশ আসে। তবে ৫০ হাজার টাকার অর্থদণ্ড পরিশোধ করতে না পারায় আটকে যায় তার মুক্তি। পরিবারের পক্ষেও এই অর্থের ব্যবস্থা করা সম্ভব হচ্ছিল না।

বিষয়টি উঠে আসে জেলা আইনশৃঙ্খলা সমন্বয় সভায়। সেখানে অসহায় এই চা-শ্রমিকের মুক্তির পথে অর্থদণ্ডের বাধার কথা তুলে ধরেন সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন কর্মকর্তা তৈমুর হোসেন চৌধুরী। সভায় উপস্থিত সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বিষয়টি শুনে তাৎক্ষণিকভাবে ৫০ হাজার টাকা পরিশোধের দায়িত্ব নেন। পরে তিনি প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করে দেন।

সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বনিক জানান, জেল কোডের ৫৬৯ বিধান অনুযায়ী, কোনো কয়েদি ২০ বছর সাজা ভোগ করলে মানবিক দিক বিবেচনায় সাধারণ মুক্তির সুযোগ রয়েছে। এ বিধান অনুযায়ী আবেদন করার পর রাজু মুণ্ডার মুক্তির আদেশ আসে। কিন্তু অর্থদণ্ডের টাকা পরিশোধ না হওয়ায় তার মুক্তি আটকে ছিল। পরে সেই অর্থ পরিশোধের ব্যবস্থা হওয়ায় তাকে মুক্তি দেওয়া হয়।

প্রবেশন কর্মকর্তা তৈমুর হোসেন চৌধুরী বলেন, মানবিক কারণে রাজুর মুক্তির জন্য একজন দাতা খুঁজছিলেন তিনি। কয়েক জায়গায় যোগাযোগ করেও সফল হননি। পরে জেলা আইনশৃঙ্খলা সমন্বয় সভায় বিষয়টি তুলে ধরলে নাসিম হোসাইন ৫০ হাজার টাকা দিতে সম্মত হন। সভা শেষে তিনি টাকা পাঠিয়ে দেন এবং দ্রুত রাজুর মুক্তির ব্যবস্থা করতে বলেন।

তিনি আরও জানান, নাসিম হোসাইনকে কারাগারের ফটকে আসার অনুরোধ জানানো হলেও তিনি সেখানে যেতে চাননি। তার অনুরোধ ছিল, দ্রুত যেন রাজুর মুক্তির ব্যবস্থা করা হয়। মুক্তির পর তাকে বিষয়টি জানানো হয়েছে। রাজুও ফোনে কথা বলে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

জানা গেছে, হবিগঞ্জের চুনারুঘাটের একটি চা-বাগানে শ্রমিক হিসেবে কাজ করতেন রাজু। অবিবাহিত এই চা-শ্রমিকের দীর্ঘ ২৩ বছরের কারাবাসে জীবনের অনেক স্মৃতিই এখন ঝাপসা হয়ে গেছে। যে হত্যা মামলায় তার সাজা হয়েছিল, সেই ঘটনার কথাও অনেকটা ভুলে গেছেন বলে জানিয়েছেন তিনি।

কারামুক্তির পর নিজের অনুভূতি জানিয়ে রাজু বলেন, ‘ভুলের মাশুল তো জেল খাটলাম। পাপ মুছেছে। এখন সামনের দিনটা ভালো করে কাটাতে চাই।’

আবার চা-শ্রমিকের কাজ করবেন কি না, এমন প্রশ্নের জবাবে কিছুটা হতাশার সুরে তিনি বলেন, ‘সঙ্গীসাথি কেউ তো আর নাই। জেলে যে কাজ (বাবুর্চি) করছি, সেইটাই করার চেষ্টা করমু।’

দীর্ঘ ২৩ বছর পর কারাগারের চার দেয়াল পেরিয়ে মুক্ত জীবনে ফিরলেও রাজুর অপেক্ষায় নেই কোনো আপনজন কিংবা পারিবারিক আশ্রয়। নতুন করে জীবন শুরু করার ক্ষেত্রে তার সামনে রয়েছে নানা অনিশ্চয়তা।

এদিকে প্রবেশন কর্মকর্তা তৈমুর হোসেন চৌধুরী জানিয়েছেন, রাজু বাবুর্চির কাজ করতে চাইলে তাকে কোনো হোটেল বা রেস্তোরাঁয় কাজ দেওয়ার চেষ্টা করবেন তিনি। দীর্ঘ কারাভোগের পর সমাজের মূল স্রোতে ফিরতে রাজুর জন্য একটি কর্মসংস্থানের ব্যবস্থা করা জরুরি বলেও মনে করেন তিনি।

সিলেট থেকে আরো পড়ুন