জাতীয়

বগুড়া সিটি করপোরেশনসহ পাঁচ নতুন উপজেলা অনুমোদন

প্রশাসনিক মানচিত্রে নতুন সংযোজন

প্রকাশ: ০৭ মে ২০২৬ ১৫:৫১

ঢাকা প্রতিনিধি : বাংলাদেশের প্রশাসনিক কাঠামোতে নতুন মাত্রা যোগ করে বগুড়া সিটি করপোরেশনসহ পাঁচটি নতুন উপজেলা গঠনের অনুমোদন দিয়েছে সরকার। বৃহস্পতিবার (৭ মে) অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২০তম বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

নিকার বৈঠকে বগুড়া পৌরসভাকে উন্নীত করে ‘বগুড়া সিটি করপোরেশন’ গঠনের অনুমোদন দেওয়া হয়। একই সঙ্গে দেশের বিভিন্ন জেলার প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করতে পাঁচটি নতুন উপজেলা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন গঠিত উপজেলাগুলো হলো—

বগুড়ার শিবগঞ্জ উপজেলাকে বিভক্ত করে ‘মোকামতলা উপজেলা’ কক্সবাজারের চকরিয়া উপজেলাকে বিভক্ত করে ‘মাতামুহুরী উপজেলা’ ঠাকুরগাঁও সদর উপজেলাকে বিভক্ত করে ‘রুহিয়া উপজেলা’ ও ‘ভুল্লী উপজেলা’ লক্ষীপুর সদর উপজেলাকে বিভক্ত করে ‘চন্দ্রগঞ্জ উপজেলা’

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন উপজেলা ও সিটি করপোরেশন গঠনের ফলে সংশ্লিষ্ট এলাকার প্রশাসনিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সহজ হবে। পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং স্থানীয় অর্থনীতির বিকাশেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় এলাকায় উন্নয়নের নতুন সম্ভাবনা সৃষ্টি হবে। বিশেষ করে বগুড়া সিটি করপোরেশন ঘোষণার মাধ্যমে নগর ব্যবস্থাপনা ও নাগরিক সেবার মান আরও উন্নত হবে বলে মনে করছেন তারা।

সরকারি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর খুব শিগগিরই নতুন প্রশাসনিক ইউনিটগুলোর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

 

 

জাতীয় থেকে আরো পড়ুন