জাতীয়

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি দেশে ফিরলেন ড. খলিলুর রহমান

প্রকাশ: ০৪ জুন ২০২৬ ১৬:০২

ঢাকা, ৪ জুন: জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৮১তম অধিবেশনের নবনির্বাচিত সভাপতি ড. খলিলুর রহমান এবং এই ঐতিহাসিক কূটনৈতিক সাফল্যের অন্যতম রূপকার মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির দেশে ফিরেছেন।

নিউইয়র্কে অনুষ্ঠিত সফল নির্বাচন শেষে আজ তাঁদের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এক উষ্ণ অভ্যর্থনার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ.বি.এম. আব্দুস সাত্তার, মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির পদে বাংলাদেশের প্রার্থী ড. খলিলুর রহমানের বিজয় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কূটনৈতিক সক্ষমতা ও নেতৃত্বের প্রতি বৈশ্বিক আস্থার এক গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে। এই অর্জন দেশের পররাষ্ট্রনীতির জন্য একটি ঐতিহাসিক মাইলফলক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সরকারের পক্ষ থেকে জানানো হয়, এ সাফল্য বিশ্বমঞ্চে বাংলাদেশের মর্যাদা আরও সুদৃঢ় করবে এবং বহুপাক্ষিক কূটনীতিতে দেশের ভূমিকা নতুন উচ্চতায় নিয়ে যাবে।

দেশের কূটনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহল ড. খলিলুর রহমান ও হুমায়ুন কবিরকে অভিনন্দন জানিয়ে তাঁদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেছেন।

জাতীয় থেকে আরো পড়ুন