আন্তর্জাতিক

জালালাবাদ অ্যাসোসিয়েশন অব টরন্টো নির্বাচন: সভাপতি এবাদ, সেক্রেটারি রাসেল

২৯ পদের নির্বাচনে পূর্ণাঙ্গ জয় পায়নি কোনো প্যানেল, জমজমাট লড়াইয়ে উত্তেজনার অবসান

প্রকাশ: ২৩ মে ২০২৬ ১২:৪৪

রাবেয়া বসরি, ডেস্ক রিপোর্ট :দীর্ঘ অপেক্ষা, টান টান উত্তেজনা এবং নানা আলোচনা-সমালোচনার পর অবশেষে ঘোষণা করা হয়েছে জালালাবাদ অ্যাসোসিয়েশন অব টরন্টোর নির্বাচনের অনানুষ্ঠানিক ফলাফল। এবারের নির্বাচনে কোনো প্যানেলই পূর্ণাঙ্গ জয় অর্জন করতে পারেনি। তবে রনি–মারুফ–রাসেল প্যানেল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ২৯টির মধ্যে ২০টি পদে বিজয় লাভ করেছে। অন্যদিকে এবাদ–ময়নুল–বাবুল প্যানেল জয় পেয়েছে ৯টি পদে।

সভাপতি পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ে বিজয়ী হয়েছেন এবাদ চৌধুরী। তিনি পেয়েছেন ১,৮৩৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহবুব চৌধুরী রনি পেয়েছেন ১,৭০৮ ভোট এবং ইন্তিখাব চৌধুরী তুহিন পেয়েছেন ৮৪৮ ভোট।

সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন রাসেল আহমদ। তিনি পেয়েছেন ১,৭৭৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাবুল খান পেয়েছেন ১,৪৪২ ভোট এবং এজাজ আহমদ চৌধুরী পেয়েছেন ৯৭২ ভোট।

নির্বাহী সহসভাপতি পদে বিজয়ী হয়েছেন মেহেদি মারুফ। তিনি পেয়েছেন ১,৮৪৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ময়নুল ইসলাম পেয়েছেন ১,৩৮৮ ভোট।

সহসভাপতি পদগুলোতে সিলেট বিভাগে আব্দুল কালাম, মৌলভীবাজারে তাহমিনা চৌধুরী, সুনামগঞ্জে আমজাদ আলি এবং হবিগঞ্জে মো. জুবের আহমদ বিজয়ী হয়েছেন।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে জুয়েল আহমদ ও মনসুর আহমদ বিজয় লাভ করেন। কোষাধ্যক্ষ পদে হাসান তারেক ইমাম এবং সহকারী কোষাধ্যক্ষ পদে ইকবাল আহমদ চৌধুরী নির্বাচিত হন।

সাংগঠনিক সম্পাদক পদে মাহদি চৌধুরী এবং সহকারী সাংগঠনিক সম্পাদক পদে নাইম চৌধুরী বিজয়ী হয়েছেন। দপ্তর সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ফারুক আহমদ।

প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আল আমিন এবং সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে লুতফুর রহমান নির্বাচিত হন। যুব ও শিক্ষা বিষয়ক সম্পাদক পদে গোলাম ইমরান সুমন এবং ক্রীড়া সম্পাদক পদে মো. নাহিদ আহমদ বিজয়ী হয়েছেন। সহ ক্রীড়া সম্পাদক পদে জয় পেয়েছেন তানিম ইকবাল চৌধুরী।

ধর্ম বিষয়ক সম্পাদক পদে মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে জিয়াউল ইসলাম রিংকু এবং সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে পারমিতা সেন তিন্নি বিজয় লাভ করেন।

সমাজ কল্যাণ সম্পাদক পদে ফয়সাল আহমেদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে আলি হোসেন এবং মহিলা বিষয়ক সম্পাদক পদে সৈয়দা মকসুদা বেগম রেনু নির্বাচিত হয়েছেন।

নির্বাহী সদস্য পদগুলোতে বিজয়ী হয়েছেন মো. মকবুল হোসেন মঞ্জু, হোসেন আহমদ লনি, রিজওয়ান চৌধুরী এবং আবু জাহির সাকিব।

এবারের নির্বাচন ছিল অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উৎসবমুখর। ভোটারদের ব্যাপক উপস্থিতি এবং বিভিন্ন প্যানেলের সক্রিয় প্রচারণা পুরো নির্বাচনকে প্রাণবন্ত করে তোলে। ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীদের সমর্থকদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস দেখা গেলেও পরাজিত প্রার্থীরাও গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি সম্মান জানিয়ে ফলাফল মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন।

আন্তর্জাতিক থেকে আরো পড়ুন