আন্তর্জাতিক

ওয়াশিংটন-তেহরান সংলাপ চায় চীন ও পাকিস্তান

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬ ১১:০৮

যুক্তরাষ্ট্র ও ইরানকে অবিলম্বে সংঘাত বন্ধ করে আলোচনায় ফিরে আসার আহ্বান জানিয়েছে চীন ও পাকিস্তান।  শুক্রবার (১৭ জুলাই) সাংহাইয়ে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর প্রকাশিত এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। খবর আল আরাবিয়ার

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বর্তমান পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করেন। তারা সংশ্লিষ্ট সব পক্ষকে দ্রুত শত্রুতা বন্ধ করে সংলাপের পথে ফিরে আসার আহ্বান জানান।

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিরসনে গত কয়েক মাস ধরেই চীন ও পাকিস্তান মধ্যস্থতার চেষ্টা করে আসছে। জুনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি প্রাথমিক সমঝোতা হলেও, এক মাসের মাথায় হরমুজ প্রণালিকে কেন্দ্র করে আবারও সংঘর্ষ শুরু হয়।

ওয়াং ই বলেন, ‘এই সমঝোতা অনেক কঠিন প্রচেষ্টার ফল। শান্তি এখন আমাদের সামনে। শেষ মুহূর্তে এসে তা নষ্ট করা উচিত নয় এবং অর্জিত অগ্রগতিও হারানো যাবে না।’

এদিকে শুক্রবারও যুক্তরাষ্ট্র ও ইরান একে অপরের বিরুদ্ধে হামলা চালায়। তেহরানের অভিযোগ, যুক্তরাষ্ট্র বিমানবন্দর, রেলস্টেশন ও দুটি সেতুসহ বিভিন্ন বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে।

এর জবাবে ইরান জানায়, তারা কুয়েতে যুক্তরাষ্ট্রের মিত্রদের সামরিক স্থাপনা ও অবকাঠামো লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে।

জুনের সমঝোতার পর হরমুজ প্রণালি সাময়িকভাবে খুলে দেওয়া হলেও, গত সপ্তাহে ইরান ঘোষণা দেয়, যুক্তরাষ্ট্র হামলা বন্ধ না করা পর্যন্ত প্রণালিটি আবারও বন্ধ থাকবে। 

অন্যদিকে, যুক্তরাষ্ট্রও ইরানের সমুদ্রবন্দরগুলোর ওপর পুনরায় অবরোধ আরোপ করেছে।

আন্তর্জাতিক থেকে আরো পড়ুন