খেলাধুলা

২০২৭ বিশ্বকাপে নতুন ফরম্যাট ঘোষণা আইসিসির, অংশ নেবে ১৪ দল

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬ ১৭:০৫

স্পোর্টস ডেস্ক, তৃতীয় বাংলা: ২০২৭ সালের আইসিসি পুরুষদের ক্রিকেট বিশ্বকাপকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও আকর্ষণীয় করতে নতুন ফরম্যাট ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য এই আসরে অংশ নেবে ১৪টি দল, যা আগের দুই আসরের তুলনায় চারটি বেশি।

নতুন ফরম্যাট অনুযায়ী, বিশ্বকাপ অনুষ্ঠিত হবে তিনটি ধাপে। এরপর হবে দুটি সেমিফাইনাল ও ফাইনাল।

প্রথম ধাপে ‘সুপার সিরিজ’-এ খেলবে র‌্যাঙ্কিংয়ে সবচেয়ে নিচে থাকা তিনটি যোগ্যতাপ্রাপ্ত দল। রাউন্ড-রবিন পদ্ধতিতে অনুষ্ঠিত এই পর্ব শেষে শীর্ষে থাকা দলটি মূল প্রতিযোগিতার দ্বিতীয় ধাপে জায়গা করে নেবে।

দ্বিতীয় ধাপে মোট ১২টি দল দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। প্রতিটি গ্রুপে থাকবে ছয়টি করে দল। গ্রুপ পর্বে মোট ৩০টি ম্যাচ অনুষ্ঠিত হবে। দুই গ্রুপের শীর্ষ তিনটি করে মোট ছয়টি দল এবং দুই গ্রুপের সেরা চতুর্থ স্থান অর্জনকারী একটি দল উন্নীত হবে ‘সুপার ৭’ পর্বে।

‘সুপার ৭’ পর্বে সাতটি দল একে অপরের বিপক্ষে রাউন্ড-রবিন ভিত্তিতে মোট ২১টি ম্যাচ খেলবে। এই পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষ চারটি দল সেমিফাইনালে জায়গা করে নেবে।

সেমিফাইনালে সুপার ৭-এর শীর্ষ দল খেলবে চতুর্থ স্থানে থাকা দলের বিপক্ষে। অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা দল। দুই সেমিফাইনালের বিজয়ীরা ফাইনালে লড়বে বিশ্বকাপের শিরোপার জন্য।

আইসিসির আশা, নতুন এই ফরম্যাটের মাধ্যমে আরও বেশি দেশের অংশগ্রহণ নিশ্চিত হওয়ার পাশাপাশি প্রতিটি ম্যাচের গুরুত্ব ও প্রতিযোগিতার মান আরও বাড়বে। ফলে বিশ্বকাপ আরও রোমাঞ্চকর হয়ে উঠবে ক্রিকেটপ্রেমীদের জন্য।

খেলাধুলা থেকে আরো পড়ুন