জাতীয়

ফ্যানের বাতাস খাচ্ছে, আর হারিকেন নিয়ে বলছে—গ্যাস দে, বিদ্যুৎ দে: প্রধানমন্ত্রী

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬ ১৭:০০

বিদ্যুৎ-সংকট নিয়ে সরকারের সমালোচনাকারীদের উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘পেছনে ফ্যানের বাতাস খাচ্ছে, হাতে হারিকেন নিয়ে বসে বলছে—গ্যাস দে, বিদ্যুৎ দে; এগুলো হঠকারিতা।’

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া-মোনাজাত এবং দুস্থ, অসহায় ও অসুস্থ মানুষের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। শনিবার (১৫ আগস্ট) রাজধানীর মহাখালীর টিঅ্যান্ডটি মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


বিদ্যুৎ ও গ্যাস সংকট নিয়ে ‘উদ্দেশ্যপ্রণোদিতভাবে’ সমালোচনাকারীদের একহাত নেন তারেক রহমান। 

তিনি বলেন, ‘পেছনে ফ্যানের বাতাস খাচ্ছে, হাতে হারিকেন নিয়ে বসে বলছে—গ্যাস দে, বিদ্যুৎ দে; এগুলো হঠকারিতা।’

প্রধানমন্ত্রী বলেন, তাদের বন্ধুরাই ক্ষমতায় ছিল। অন্তর্বর্তীকালীন সরকার এলএনজি টার্মিনাল বসানো বন্ধ করে দিয়েছে। সরকার দেশে তৃতীয় এলএনজি টার্মিনাল বানানোর চেষ্টা করছে। এ জন্য সময় লাগবে। সংকট সমাধানে সরকার চীন ও মালয়েশিয়ার সঙ্গে কথা বলেছে।

বিরোধীদলের উদ্দেশে তারেক রহমান বলেন, তিন থেকে ছয় মাসের মধ্যে গ্যাস-বিদ্যুতের সমাধান দিতে পারলে বিরোধী দলের পরিকল্পনা সরকার গ্রহণ করবে। যদি তা না পারে, তাহলে বিভ্রান্তির রাজনীতির জন্য জনগণের কাছে ক্ষমা চাইতে হবে তাদের।

তিনি বলেন, ‘বিভ্রান্তি, হঠকারী রাজনীতি বাদ দেন। জনগণের উপকার হবে সেই রকম পরিকল্পনা থাকলে উপস্থাপন করুন। রাস্তায় বসে ভাঙচুরের রাজনীতির দিন শেষ।’

সমালোচনা করা খুবই সহজ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘মুরদ থাকলে কোদাল হাতে মাঠে নামুন, জনগণের জন্য কাজ করুন। এমন কথা বলবেন না, যাতে দেশে বিশৃঙ্খলা হয়।’

তিনি আরও বলেন, ‘যারা আজ বড় বড় কথা বলছে, ১৭ বছর জনগণ আপনাদের রাজপথে দেখেনি। পত্রিকা বের করুন, আমাদের দলের নেতাকর্মীরা কীভাবে ১৭ বছর নির্যাতন সহ্য করেছে দেখুন।’

বিরোধীদলের আরও সমালোচনা করে তারেক রহমান বলেন, ‘৭১, ’৮৬, ’৯৬-এ ভুল করেছেন। ’২৪-এ টিকিট বিক্রি করে ভুল করেছেন। এখন উসকানি, বিভ্রান্তির রাজনীতি পরিহার করুন।’

মানুষ তাদের ভাগ্যের পরিবর্তন দেখতে চায় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এগিয়ে যেতে হলে ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে শ্রমিকের হাতে রূপ দিতে হবে। তিনি বলেন, ‘আমি কী পেলাম সেটা বড় নয়, বরং জনগণের জন্য কী করতে পারলাম, সেটাই বড়।’

জাতীয় থেকে আরো পড়ুন