প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬ ১৩:১৪
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে হামলার পর একের পর এক ফ্লাইট বাতিল হওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালে যাত্রীর উপস্থিতি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। সাধারণত যাত্রী ও তাদের স্বজনদের ভিড়ে মুখর থাকা টার্মিনালে মঙ্গলবার দেখা গেছে ভিন্ন চিত্র। যাত্রীদের আনাগোনা কম থাকায় অনেকটা ফাঁকা পড়ে ছিল বিমানবন্দরের বহির্গমন এলাকা।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সরেজমিনে বিমানবন্দরের বহির্গমন টার্মিনালে এমন চিত্র দেখা যায়।
শ্রীলংকাগামী পর্যটক হাবিবুর রহমান বলেন, এর আগে তিনি ভারত, মালয়েশিয়া ও নেপাল ভ্রমণ করেছেন। কিন্তু বিমানবন্দরের এমন দৃশ্য কখনো দেখেননি। তিনি বলেন, ‘আগে যাত্রী ও তাদের স্বজনদের ভিড় ঠেলে লাইনে দাঁড়াতে হতো। কিন্তু আজ বিমানবন্দর প্রায় ফাঁকা। সৌদিগামী ফ্লাইট বাতিল হওয়ায় যাত্রীদের উপস্থিতি কমে গেছে।’
হাবিবুর রহমানের সঙ্গে থাকা নাসির বলেন, তারা একসঙ্গে অনেক দেশে ভ্রমণ করেছেন। তবে বিমানবন্দরের এমন চিত্র আগে দেখেননি। তার ভাষ্য, সৌদি আরবে বাংলাদেশের বিপুলসংখ্যক মানুষ বসবাস করেন। ফ্লাইট বাতিলের কারণে বিমানবন্দরে যাত্রীদের উপস্থিতি কমে যাওয়ায় সৌদিগামী যাত্রীর সংখ্যার বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে।
কাতারগামী যাত্রী সোহেল মাহমুদ বলেন, বিমানবন্দরে চিরচেনা দৃশ্য নেই। সাধারণত পুরো টার্মিনাল যাত্রীদের ভিড়ে পরিপূর্ণ থাকে। কিন্তু মঙ্গলবার সেই চিত্র দেখা যায়নি। যাত্রীরা গন্তব্যে যেতে পারছেন না, বিষয়টি খারাপ লাগছে।
বিমানবন্দরসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১০ অক্টোবর ইয়েমেনের হুতি বিদ্রোহীদের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার পর নিরাপত্তাজনিত পরিস্থিতিতে ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটে। এতে বাংলাদেশিসহ হতাহতের ঘটনা ঘটে। হামলার পর বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হলে ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট চলাচলেও প্রভাব পড়ে।
মঙ্গলবার পর্যন্ত সরাসরি ও ট্রানজিট রুট মিলিয়ে ৬১টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে ১০ হাজারের বেশি যাত্রী আটকা পড়েছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও ইউএস-বাংলা এয়ারলাইনসও আগামী ১৭ ও ২১ অক্টোবর পর্যন্ত তাদের ফ্লাইট বাতিল করেছে।
ফ্লাইট বাতিলের কারণে যাত্রীদের বিমানবন্দরে এসে ফিরে যাওয়ার ঘটনাও ঘটেছে। গত রোববার ও সোমবার অনেক যাত্রী বিমানবন্দরে এলেও ফ্লাইট বাতিলের খবর পেয়ে ফিরে যান। এরপর থেকে অনেক যাত্রী বিমানবন্দরে আসার আগে এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করছেন।
জাতীয় থেকে আরো পড়ুন