আন্তর্জাতিক

বুলগেরিয়ার উপকূলে ফের ড্রোন হামলা, জাহাজডুবিতে নিখোঁজ ১১ নাবিক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬ ১৩:২১

কৃষ্ণসাগরে বুলগেরিয়ার উপকূলে ড্রোন হামলায় একটি পণ্যবাহী জাহাজ ডুবে ১১ নাবিক নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) এ ঘটনা ঘটে। এক সপ্তাহের মধ্যে ওই এলাকায় ড্রোন হামলায় দ্বিতীয়বারের মতো প্রাণঘাতী জাহাজডুবির ঘটনা ঘটল। এ ঘটনায় রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করেছে বুলগেরিয়া।

বুলগেরিয়ার কর্মকর্তারা জানান, সোমবার রাতে দুটি পণ্যবাহী জাহাজে ড্রোন হামলা হয়। এর মধ্যে একটি জাহাজ ডুবে গেছে। ডুবে যাওয়া জাহাজটির পাঁচ নাবিককে উদ্ধার করা হয়েছে। তবে আরও ১১ জন নিখোঁজ রয়েছেন। 

জাহাজটি বুলগেরিয়ার ক্রাপেতস গ্রামের উপকূলে ডুবে যায়। বুলগেরিয়ার সংবাদমাধ্যমের খবরে জাহাজটির নাম বলা হয়েছে ‘আজভ কনকর্ড’। এর তুরস্কভিত্তিক ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি।


 ঘটনায় রাশিয়াকে সরাসরি দায়ী করেনি বুলগেরিয়া। তবে দেশটির প্রধানমন্ত্রী রুমেন রাদেভ বলেছেন, হামলার পরিণতি রাশিয়ার স্বার্থের অনুকূলে যাচ্ছে।

টেলিভিশনে দেওয়া এক ভাষণে রাদেভ বলেন, ‘বুলগেরিয়ার আঞ্চলিক পানিসীমার একেবারে কাছে এ ধরনের আরেকটি হামলা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।’

এ ঘটনায় মস্কোর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

একই রাতে মাল্টার পতাকাবাহী ‘চেলসি থ্রি’ নামের আরেকটি জাহাজেও তিনটি ড্রোন আঘাত হানে বলে জানিয়েছেন বুলগেরিয়ার কর্মকর্তারা। জাহাজটির সব নাবিককে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে সাতজন ইউক্রেনীয় ও আটজন আজারবাইজানি নাগরিক। তাদের কেউ গুরুতর আহত হননি।

এর এক সপ্তাহ আগে বুলগেরিয়ার কৃষ্ণসাগরের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলে ড্রোন হামলায় একটি জাহাজ ডুবে যায়। ওই ঘটনায় ৯ জন সিরীয় ও একজন মিসরীয় নাবিক নিখোঁজ হন। সেদিন আরেকটি জাহাজেও হামলা হয়েছিল, তবে সেটির সব নাবিককে উদ্ধার করা সম্ভব হয়।

আন্তর্জাতিক থেকে আরো পড়ুন