যুক্তরাজ্য

বার্মিংহামে ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬: উদ্যোক্তা, ব্যবসায়ী ও কমিউনিটি নেতৃত্বের সাফল্যের স্বীকৃতি

রাবেয়া বসরি

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬ ২২:৫৩

বার্মিংহাম: ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গত ২৫ অক্টোবর ২০২৬, রবিবার, বার্মিংহামের ঐতিহ্যবাহী নিউ বিংলি হলে (New Bingley Hall) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে চতুর্থ ‘ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬’। দেশ ফাউন্ডেশন ইউকে (Desh Foundation UK) আয়োজিত এই অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৫০০ বিশিষ্ট অতিথি উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন বিভিন্ন শহরের মেয়র, সংসদ সদস্য (এমপি), কাউন্সিলর, বিশিষ্ট ব্যবসায়ী, উদ্যোক্তা, কমিউনিটি নেতা এবং বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিরা।

 

গ্লোব লার্নিং পাথওয়ের (Globe Learning Pathway) উপস্থাপনায় আয়োজিত এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানটি ছিল ব্রিটিশ বাংলাদেশি উদ্যোক্তা, ব্যবসায়ী, পেশাজীবী, কমিউনিটি নেতৃত্ব এবং নতুন প্রজন্মের উদীয়মান প্রতিভাদের অসামান্য অর্জন ও অবদানের স্বীকৃতি জানানোর এক বিশেষ আয়োজন। যুক্তরাজ্যের অর্থনীতি ও সমাজে তাঁদের গুরুত্বপূর্ণ অবদানকে সম্মান জানানোই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।

 

দেশ ফাউন্ডেশন ইউকে ২০১৫ সালে প্রথম ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডসের যাত্রা শুরু করে। প্রথম আয়োজনেই তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী মাননীয় ডেভিড ক্যামেরন উপস্থিত ছিলেন, যা ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির ব্যবসায়িক সাফল্য ও অর্থনৈতিক অবদানকে জাতীয় পর্যায়ে তুলে ধরার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হয়। পরবর্তীতে ২০১৭ ও ২০১৯ সালে আরও দুটি আয়োজন অনুষ্ঠিত হয়। সাত বছরের বিরতির পর ২০২৬ সালে চতুর্থবারের মতো এই পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হলো।

 

বিকেল ৪টা ৩০ মিনিটে শুরু হওয়া অনুষ্ঠানটি রাত ৯টা ৩০ মিনিটে শেষ হয়। বিভিন্ন ক্যাটাগরিতে শতাধিক মনোনয়ন থেকে যাচাই-বাছাইয়ের মাধ্যমে ৩৬ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে তাঁদের অসামান্য সাফল্য, নেতৃত্ব, উদ্ভাবনী উদ্যোগ এবং সমাজের প্রতি অবদানের স্বীকৃতিস্বরূপ এই মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত করা হয়।

 

পুরস্কারের পেছনে নেতৃত্ব ও দূরদর্শী উদ্যোগ

 

দেশ ফাউন্ডেশন ইউকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. মিসবাহুর রহমান (Dr Misbhaur Rahman) দীর্ঘদিন ধরে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির উদ্যোক্তা, ব্যবসায়ী ও পেশাজীবীদের সাফল্য তুলে ধরা, ব্যবসায়িক উন্নয়ন এবং কমিউনিটির অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

 

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির পরিশ্রম, অধ্যবসায়, আত্মবিশ্বাস এবং উদ্যোক্তা মানসিকতার যথাযথ স্বীকৃতি প্রদানের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, এ আয়োজন কেবল সফল ব্যক্তিদের সম্মানিত করার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করা, ব্যবসায়িক প্রবৃদ্ধির সুযোগ সৃষ্টি, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং ব্রিটিশ সমাজে কমিউনিটির অবদান আরও সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।

 

অনুষ্ঠানে সংগঠনের নেতৃত্বের মধ্যে ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল, ভাইস চেয়ারম্যান আহসান হাবিব সাবু এবং ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার হারুন উর রশীদও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁদের বক্তব্যে ঐক্য, পেশাগত দক্ষতা, ব্যবসায়িক সহযোগিতা এবং কমিউনিটির সম্মিলিত অগ্রগতির বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পায়।

 

পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুক্তরাজ্যের সুপরিচিত সাংবাদিক, লেখক ও টেলিভিশন উপস্থাপিকা সুজান ভার্দি (Suzanne Virdee)। তাঁর পেশাদারিত্ব, সাবলীল উপস্থাপনা ও প্রাণবন্ত পরিবেশনা পুরো আয়োজনকে আরও আকর্ষণীয় ও মর্যাদাপূর্ণ করে তোলে।

 

বিভিন্ন ক্ষেত্রে অসামান্য সাফল্যের স্বীকৃতি

 

বিভিন্ন ব্যবসায়িক ও পেশাগত ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ নির্বাচিতদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

 

উল্লেখযোগ্য পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ছিলেন:

 

* আব্দুস সামাদ: প্রমিনেন্ট বিজনেস লিডার অব দ্য ইয়ার।

* মিসেস রাত্রি চৌধুরী: বেস্ট ইন্টারন্যাশনাল বিজনেসওম্যান।

* রোজ রহমান: এন্টারপ্রেনার অব দ্য ইয়ার – নর্থ।

* মিস লীনা আহমেদ: ইয়াং এন্টারপ্রেনার অব দ্য ইয়ার – ফিমেল।

* মুহিম তানজিব: বেস্ট ইউকে ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার।

* মোহাম্মদ জুবায়ের: এক্সিলেন্স ইন মিডিয়া অ্যাওয়ার্ড।

 

প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও উদ্যোক্তাদের পাশাপাশি তরুণ প্রজন্মের উদীয়মান ব্যবসায়িক প্রতিভাদের স্বীকৃতি প্রদান এই আয়োজনের অন্যতম উল্লেখযোগ্য দিক। এর মাধ্যমে যুক্তরাজ্যে ব্রিটিশ বাংলাদেশি ব্যবসায়ীদের ক্রমবর্ধমান সাফল্য, সম্ভাবনা ও প্রভাবের প্রতিফলন ঘটেছে।

 

তরুণ প্রতিভা ও সাংস্কৃতিক পরিবেশনার বর্ণিল আয়োজন

 

অনুষ্ঠানের সূচনা হয় তরুণ পিয়ানোবাদক ইনতাজ আহমেদের মনোমুগ্ধকর পিয়ানো পরিবেশনার মধ্য দিয়ে। ইনতাজ তাঁর বিদ্যালয় থেকে মিউজিক স্কলারশিপ অর্জন করেছে। পাশাপাশি পিয়ানো পরিবেশনার দক্ষতার জন্য বার্মিংহাম সিটি ইউনিভার্সিটির রয়্যাল বার্মিংহাম কনজারভেটরির পিয়ানো অডিশনের দ্বিতীয় রাউন্ডে নির্বাচিত হয়েছে। তার পরিবেশনা অনুষ্ঠানের শুরুতেই উপস্থিত অতিথিদের মুগ্ধ করে এবং তরুণ প্রতিভা বিকাশের গুরুত্বকে তুলে ধরে।

 

এরপর আন্তর্জাতিকভাবে স্বীকৃত সংগীতশিল্পী ও গীতিকার সোনা রেলের (Sonna Rele) মনোমুগ্ধকর সংগীত পরিবেশনা দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করে।

 

ব্রিটিশ বাংলাদেশি সংগীতশিল্পী কাইজার (Kayzer), যিনি বিশ্বমঞ্চে দেশি সংগীতের নতুন ধারা তুলে ধরছেন, তাঁর স্বতন্ত্র সংগীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করেন। পাশাপাশি বার্মিংহাম ড্যান্স গ্রুপের বিভিন্ন ধরনের আকর্ষণীয় নৃত্য পরিবেশনা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।

 

অনুষ্ঠানের শেষ পর্যায়ে জনপ্রিয় সংগীতশিল্পী ইসতিয়াক আহমেদ আলীর (Istiaque Ahmed Ali) উদ্দীপনাময় ও প্রাণবন্ত সংগীত পরিবেশনা উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে। তাঁর পরিবেশনার মধ্য দিয়ে পাঁচ ঘণ্টাব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটে।

 

আয়োজনে সমন্বয় ও নিবেদিতপ্রাণ টিমের ভূমিকা

 

এত বড় আয়োজন সফলভাবে সম্পন্ন করার পেছনে ছিল একটি নিবেদিতপ্রাণ ও পরিশ্রমী টিমের সম্মিলিত প্রচেষ্টা।

 

অনুষ্ঠানের সমন্বয় ও ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করেন রাফসান রহমান, জেমস রয়, ইসতিয়াক আহমেদ আলী, রাবেয়া বসরী, জায়েদ থান, আলেয়া খান এবং ফয়জান রহমান ও তাঁর টিমের সদস্যরা। পাশাপাশি রাজনা বেগম, এম. বিথী এবং বদরুল আলম ও তাঁর নিবেদিতপ্রাণ টিমও আয়োজনের সফল বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

 

আয়োজকদের সম্মিলিত প্রচেষ্টা, স্পনসরদের সহযোগিতা, পার্টনারদের সমর্থন, শিল্পীদের পরিবেশনা, স্বেচ্ছাসেবকদের আন্তরিকতা এবং শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় অনুষ্ঠানটি একটি স্মরণীয় আয়োজনে পরিণত হয়।

 

ভবিষ্যতের পথে নতুন সম্ভাবনা ও অনুপ্রেরণা

 

চতুর্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬ কেবল একটি পুরস্কার প্রদান অনুষ্ঠান ছিল না; এটি ছিল উদ্যোক্তা মনোভাব, অধ্যবসায়, ব্যবসায়িক সাফল্য, সাংস্কৃতিক পরিচয় এবং কমিউনিটির সম্মিলিত অর্জনের এক অনন্য উদ্‌যাপন।

 

এই আয়োজনের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে ব্রিটিশ বাংলাদেশিরা ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি, আতিথেয়তা, গণমাধ্যম, পেশাগত সেবা এবং উদ্যোক্তা উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে নিজেদের অবস্থান ক্রমাগত সুদৃঢ় করছেন। একই সঙ্গে এই অনুষ্ঠান বিভিন্ন কমিউনিটির মধ্যে পারস্পরিক যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময়, ব্যবসায়িক সম্পর্ক উন্নয়ন এবং নতুন সম্ভাবনা তৈরির একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রেখেছে।

 

সাফল্যকে স্বীকৃতি দেওয়া, নতুন উদ্যোক্তা তৈরি করা এবং ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাতে দেশ ফাউন্ডেশন ইউকের ধারাবাহিক উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।

 

এই আয়োজনকে সফল করে তোলার জন্য সকল স্পনসর, করপোরেট পার্টনার, সম্মানিত অতিথি, মনোনীত ব্যক্তি, পুরস্কারপ্রাপ্ত, শিল্পী, স্বেচ্ছাসেবক এবং সর্বোপরি নিবেদিতপ্রাণ আয়োজক টিমের প্রত্যেক সদস্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।

 

ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডসের এবারের আয়োজন শেষ হলেও এর অনুপ্রেরণা ও প্রত্যাশা আগামী দিনের পথচলায় নতুন শক্তি জোগাবে। কারণ ব্যক্তিগত সাফল্যের স্বীকৃতির মধ্যেই সীমাবদ্ধ নয় এই অর্জন; এর সঙ্গে জড়িয়ে রয়েছে পুরো ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির অগ্রগতি, সম্ভাবনা এবং ক্রমবর্ধমান সাফল্যের গল্প।

 

সাফল্যকে সম্মান জানানো, প্রতিভাকে উৎসাহিত করা এবং নতুন প্রজন্মের জন্য সম্ভাবনার দুয়ার উন্মুক্ত করাই হোক আগামী দিনের অঙ্গীকার।

যুক্তরাজ্য থেকে আরো পড়ুন