প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬ ২৩:০৭
বার্মিংহাম প্রতিনিধি | তৃতীয়বাংলা নিউজ
যুক্তরাজ্যের বার্মিংহামের সুপরিচিত কমিউনিটি ব্যক্তিত্ব, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) দুপুর দেড়টায় বার্মিংহামের সলিহলে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।
দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন এই বীর মুক্তিযোদ্ধা। মৃত্যুকালে তিনি স্ত্রী ফাতেমা হামিদসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ ছিলেন একজন নিবেদিতপ্রাণ সমাজসেবক ও কমিউনিটির একজন সুপরিচিত মুখ। জীবনের দীর্ঘ সময় তিনি অসহায় ও দুস্থ মানুষের কল্যাণে কাজ করেছেন। অসুস্থতার শেষ সময়েও কমিউনিটির বিভিন্ন প্রয়োজনে তাঁর সক্রিয় উপস্থিতি ছিল। শারীরিক অসুস্থতার কারণে হুইলচেয়ারে চলাফেরা করলেও বিভিন্ন সামাজিক ও কমিউনিটি অনুষ্ঠানে যোগ দিতেন তিনি। কমিউনিটির উন্নয়ন ও মানুষের কল্যাণে তাঁর অবদান ছিল উল্লেখযোগ্য।
বার্মিংহামে সিলেটি ভাষা ও সংস্কৃতির চর্চা, সংরক্ষণ এবং বিকাশেও বিশেষ অবদান রেখে গেছেন আব্দুল হামিদ। ২০০০ সালে সিলেটি ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট প্রজেক্টের উদ্যোগে বার্মিংহামে আয়োজিত জাতীয় সেমিনারের অন্যতম উদ্যোক্তা ছিলেন তিনি। প্রবাসে সিলেটি ভাষা ও সংস্কৃতির বিকাশে তাঁর এই উদ্যোগ ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
তাঁর মৃত্যুতে বার্মিংহামের বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। একজন বীর মুক্তিযোদ্ধা, সমাজসেবক ও নিবেদিতপ্রাণ কমিউনিটি ব্যক্তিত্ব হিসেবে তাঁর অবদান দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে।
মরহুমের নামাজে জানাজার সময় ও স্থান পরবর্তীতে জানানো হবে।
তৃতীয়বাংলা নিউজ পরিবারের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হচ্ছে।
যুক্তরাজ্য থেকে আরো পড়ুন