ব্রিটিশ বাঙালি সমাজসেবক আব্দুল গিয়াসের উদ্যোগে সিলেটে আত্মপ্রকাশ করেছে মানবিক ও সেবামূলক সংগঠন মুসলিম ব্যুরিয়াল কাউন্সিল অব সিলেট
প্রকাশ: ০৭ মে ২০২৬ ০১:২২
রাবেয়া বাসরি, বার্মিংহামঃ
ব্রিটিশ বাঙালি সমাজসেবক আব্দুল গিয়াসের উদ্যোগে সিলেটে আত্মপ্রকাশ করেছে মানবিক ও সেবামূলক সংগঠন মুসলিম ব্যুরিয়াল কাউন্সিল অব সিলেট (এমবিকস)। সংগঠনটির আনুষ্ঠানিক পরিচিতি ও ভবিষ্যত কার্যক্রম তুলে ধরার লক্ষ্যে বার্মিংহামের এমটি ক্যাটারিং মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলা প্রেস ক্লাব, বার্মিংহাম-মিডল্যান্ডস।
সংবাদ সম্মেলনে সংগঠনের প্রতিষ্ঠাতা বলেন, মানুষের জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তে পাশে দাঁড়ানোই এমবিকসের মূল উদ্দেশ্য। এই সংগঠনের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে অ্যাম্বুলেন্স সার্ভিস, মরদেহ গোসল, হিমঘরে সংরক্ষণ এবং মরদেহ প্রস্তুতের আধুনিক ও সম্মানজনক সেবা প্রদান করা হবে। এই সেবা সপ্তাহে সাত দিন, ২৪ ঘন্টা চালু থাকবে।
তিনি আরও বলেন, যুক্তরাজ্যভিত্তিক মুসলিম ব্যুরিয়াল কাউন্সিল অব লেস্টার (এমবিকল) এবং এর প্রতিষ্ঠাতা সদস্য সুলেমান নাগরির অনুপ্রেরণায় তিনি এই উদ্যোগ গ্রহণ করেছেন। আবেগঘন বক্তব্যে এমবিকস’র প্রতিষ্ঠাতা বলেন, উনার দাদার মৃত্যুর সময় পরিবারকে সিলেটে যথাযথ দাফনসেবা পেতে চরম দুর্ভোগ পোহাতে হয়েছিল। বিশেষ করে তার পিতা সেই সময়ে নানা কষ্টের সম্মুখিন হন। ব্যক্তিগত সেই দুঃখজনক অভিজ্ঞতা থেকেই তিনি এমন মানবিক উদ্যোগ গ্রহণে অনুপ্রাণিত হন। তিনি বলেন, “মানুষ যেনো প্রিয়জন হারানোর শোকের মুহূর্তে দাফন ও গোসল নিয়ে দুশ্চিন্তায় না পড়ে, সেই লক্ষ্য নিয়েই আমাদের এই পথচলা।”
বর্তমানে এমবিকসের সকল কার্যক্রম আব্দুল গিয়াস ও তার পরিবারের অর্থায়নে পরিচালিত হচ্ছে। প্রাথমিকভাবে সিলেট শহর ও আশপাশের এলাকায় সেবা কার্যক্রম শুরু হলেও ভবিষ্যতে সারাদেশে সংগঠনের সেবামূলক কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
সংগঠনটির প্রতিষ্ঠাতা সমাজের বিত্তবান ব্যক্তি, প্রবাসী এবং সকল শ্রেণী-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।সংবাদ সম্মেলনে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব কামরুল হাসান চুন্নু, তোফাজ্জল হুসেন চৌধুরী, মজেদুল হক চৌধুরী, সাংবাদিক মোহাম্মদ মারুফ, এম এ মুনতাকিম, কবির উদ্দিন, সৈয়দ শাহিদ আলী লিপন, ফখরুল ইসলাম, আবু তাহের এমবিই, সুলেমান নাগরি এবং আব্দুল আহাদ, বাংলা প্রেসক্লাব, বার্মিংহাম-মিডল্যান্ডস'র সভাপতি, সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ, সদস্যগণ ছাড়াও আরও অনেকেই উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বাংলা প্রেসক্লাব, বার্মিংহাম-মিডল্যান্ডস’র পক্ষ হতে সেবামূলক সংগঠন এমবিকস'কে সাধুবাদ জানিয়ে সংগঠনের পাশের থাকার আশ্বাস প্রদান করা হয়। সংবাদ সম্মেলন শেষে এমবিকস'র সফলতা ও মানবকল্যাণমূলক কার্যক্রমের জন্য উপস্থিত সবাই দোয়া কামনা করেন।
যুক্তরাজ্য থেকে আরো পড়ুন