যুক্তরাজ্য

স্মল হিথে বর্জ্য ও ভাঙা রাস্তায় জনদুর্ভোগ, ভোটের আগে ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী

প্রকাশ: ০৫ মে ২০২৬ ০১:০২

 

মনোয়ার হোসেন, বার্মিংহাম :


আসন্ন বার্মিংহাম সিটি কাউন্সিল ২০২৬ কে সামনে রেখে স্মল হিথে জনদুর্ভোগই এখন সবচেয়ে বড় নির্বাচনী ইস্যু হিসেবে সামনে এসেছে। বর্জ্য ব্যবস্থাপনার চরম অব্যবস্থা, ভাঙাচোরা রাস্তা এবং অপরিচ্ছন্ন পরিবেশ নিয়ে এলাকাবাসীর দীর্ঘদিনের ক্ষোভ এবার প্রকাশ্যে বিস্ফোরিত হয়েছে।

এমন পরিস্থিতিতে ‘ইউর পার্টি’র প্রার্থীরা ব্যাপক গণসংযোগ চালালে স্থানীয় বাসিন্দারা তাদের কাছে সরাসরি অভিযোগের ঝাঁপি খুলে দেন। বিশেষ করে ‘বিন সমস্যা’ বা ময়লা অপসারণে অনিয়ম নিয়ে ক্ষোভ সবচেয়ে বেশি। এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, রাস্তার মোড়ে মোড়ে ময়লার স্তূপ জমে থাকায় দুর্গন্ধে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছে স্কুলগামী শিশুরা—যাতায়াতে কষ্টের পাশাপাশি অসুস্থতার ঘটনাও বাড়ছে।

এছাড়া সড়কের বেহাল অবস্থা, গর্তে ভরা রাস্তা এবং পার্কগুলোর অস্বাস্থ্যকর পরিবেশ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাদের দাবি, দীর্ঘদিন ধরেই এসব সমস্যার সমাধান না হওয়ায় জীবনযাত্রার মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এই প্রেক্ষাপটে পরিবর্তনের প্রত্যাশায় অনেক ভোটার ‘ইউর পার্টি’র প্রতি সমর্থন জানাতে আগ্রহ প্রকাশ করেছেন।

প্রচারকালে প্রার্থী ওবাইদুল কবির এলাকাবাসীকে আশ্বস্ত করে বলেন, নির্বাচিত হলে জনগণকে সঙ্গে নিয়ে বর্জ্য অপসারণ, সড়ক সংস্কারসহ জরুরি উন্নয়নমূলক কাজগুলো অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করবেন। তিনি আরও বলেন, “নির্বাচনের ফল যাই হোক, আমি সবসময় মানুষের পাশে থাকবো।”

গণসংযোগের অংশ হিসেবে প্রার্থীরা স্মল হিথ এলাকার একটি মসজিদে গিয়ে ইমামের সঙ্গে সাক্ষাৎ করেন এবং দোয়া কামনা করেন। এ সময় স্থানীয় আলেম-ওলামা ও কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এবারের নির্বাচনে রেকর্ডসংখ্যক ২২ জন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যা প্রবাসী বাংলাদেশিদের রাজনৈতিক সম্পৃক্ততার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। সংশ্লিষ্টদের মতে, স্মল হিথ এলাকায় বাংলাদেশি ও পাকিস্তানি বংশোদ্ভূত ভোটার বেশি হওয়ায় প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বেশ হাড্ডাহাড্ডি।

প্রচারণায় অংশ নেন কমিউনিটির বিভিন্ন স্তরের প্রতিনিধিরা, যার মধ্যে সাংবাদিক, আইনজীবী, সমাজকর্মী ও তরুণ শিক্ষার্থীরাও ছিলেন। 
প্রচারণায় সংহতি জানিয়ে অংশ নেন মজনু মিয়া,  সাংবাদিক ফখরুল ইসলাম রিপন, অ্যাডভোকেট নজরুল ইসলাম, মোরশেদ আহমদ,  সাংবাদিক  জিয়া তালুকদার।  মোহাম্মদ সাহেদ হোসাইন এবং আলীম। আরও উপস্থিত ছিলেন দৈনিক ভাটির দর্পণ-এর সম্পাদক ও প্রকাশক আবু হানিফ চৌধুরী, শাহিন মিয়া, সাব্বাই আহমেদ কবির, খরছু মিয়া, মুবাশর আলী, আব্দুল মোহিত তরফদার, আব্দুল লতিফ, শিহাব উদ্দিন, আব্দুল কবির, শাহীদ আহমদ এবং সৈয়দ জামাল। তরুণ প্রজন্মের পক্ষ থেকে ছিলেন বার্মিংহাম সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থী সাঈদী হাসান ও সুজাত চৌধুরী।   সাংবাদিক সৈয়দ রিয়াদ রায়হান ।তাদের উপস্থিতি নির্বাচনী প্রচারণায় নতুন মাত্রা যোগ করেছে।

যুক্তরাজ্য থেকে আরো পড়ুন