যুক্তরাজ্য

প্রতিরক্ষা পরিকল্পনায় অর্থায়নের দায়িত্ব ‘অত্যন্ত গুরুত্বের সঙ্গে’ নেবেন: অ্যান্ডি বার্নহাম

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬ ০৩:০৩

লন্ডন, ৩ জুলাই : যুক্তরাজ্যের সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম বলেছেন, ক্ষমতায় এলে সরকারের নতুন প্রতিরক্ষা বিনিয়োগ পরিকল্পনার জন্য অর্থের ব্যবস্থা করার দায়িত্ব তিনি ‘অত্যন্ত গুরুত্বের সঙ্গে’ পালন করবেন।

বৃহস্পতিবার এলবিসি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে বার্নহাম বলেন, প্রতিরক্ষা বিনিয়োগ পরিকল্পনা প্রণয়নের সব আলোচনায় তিনি ছিলেন না। তাই পরিকল্পনার প্রতিটি খুঁটিনাটি সম্পর্কে তিনি অবগত নন। তবে জাতীয় নিরাপত্তার প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না বলেও তিনি জানান।

বার্নহাম বলেন, “আমি প্রতিরক্ষা বিনিয়োগ পরিকল্পনার অর্থায়নের দায়িত্ব পুরোপুরি নেব। যদি সেই দায়িত্ব পালনের অবস্থানে থাকি, তাহলে তা অত্যন্ত গুরুত্বের সঙ্গে পালন করব।”

সম্প্রতি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার প্রায় ৩০০ বিলিয়ন পাউন্ডের প্রতিরক্ষা বিনিয়োগ পরিকল্পনা ঘোষণা করেন। এতে আগামী চার বছরে অতিরিক্ত ১৫ বিলিয়ন পাউন্ড ব্যয়ের কথা বলা হলেও, প্রায় ৪ দশমিক ৭ বিলিয়ন পাউন্ডের অর্থের উৎস এখনও নিশ্চিত হয়নি। বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই পরিকল্পনাটির অর্থায়ন নিয়ে বিতর্ক শুরু হয়।

রাশিয়ার ক্রমবর্ধমান নিরাপত্তা হুমকির প্রেক্ষাপটে যুক্তরাজ্য তার সামরিক সক্ষমতা জোরদার করতে চাইছে। তবে পরিকল্পনার অর্থায়নের ঘাটতি পূরণে ভবিষ্যতে কর বৃদ্ধি অথবা সরকারি ব্যয় কমানোর মতো কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।

বার্নহাম আরও বলেন, বর্তমান বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে এবং যুক্তরাজ্যকে সেই বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় সক্ষমতা গড়ে তুলতে হবে।

যুক্তরাজ্য থেকে আরো পড়ুন