যুক্তরাজ্য

যুক্তরাজ্যে শুরু হচ্ছে তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমা, অংশ নেবেন বিশ্বের বিভিন্ন দেশের মুসল্লিরা

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬ ০৩:৩১

জামাল আহমেদ, লন্ডন | তৃতীয়বাংলা

বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত মুসলিম ধর্মাবলম্বীদের অংশগ্রহণে যুক্তরাজ্যে আগামী ১০ জুলাই (শুক্রবার) শুরু হচ্ছে তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমা। ব্রিটেনের ইপসউইচ (Ipswich) শহরে অনুষ্ঠিতব্য এ ইজতেমা আগামী ১২ জুলাই (রবিবার) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাজ্যের বিভিন্ন মার্কাজ ও কেন্দ্রীয় মসজিদ থেকে মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে বাস ও কোচের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। এর মাধ্যমে অংশগ্রহণকারীরা সহজেই ইজতেমার মাঠে পৌঁছাতে পারবেন।

শুক্রবার থেকে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলেও দূর-দূরান্ত থেকে আগত মুসল্লিদের সুবিধার্থে বৃহস্পতিবার মাগরিবের পর থেকেই ইজতেমা প্রাঙ্গণে সমবেত হওয়ার আহ্বান জানানো হয়েছে। এরপর বিভিন্ন মার্কাজ ও মসজিদ থেকে নির্ধারিত বাস ও কোচে করে মুসল্লিদের ইজতেমাস্থলে আনা হবে।

আয়োজকরা জানান, কর্মব্যস্ততার কারণে অনেকেই পুরো তিন দিন ইজতেমায় অংশ নিতে পারবেন না। তাদের কথা বিবেচনা করে রবিবার আখেরি মোনাজাতে অংশগ্রহণের জন্য বিশেষ বাস সার্ভিস চালু রাখা হয়েছে।

এ বছর যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ১০ থেকে ১৫ হাজার ধর্মপ্রাণ মুসল্লির অংশগ্রহণের আশা করছেন আয়োজকরা। এছাড়া পাকিস্তান, ভারত, বাংলাদেশ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়াসহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে আগত মুরব্বি ও ইসলামি ব্যক্তিত্বরা ইজতেমায় বয়ান ও দিকনির্দেশনামূলক আলোচনা করবেন।

আয়োজকদের প্রত্যাশা, ইজতেমা মুসলিম উম্মাহর মধ্যে ভ্রাতৃত্ব, ঐক্য, আত্মশুদ্ধি ও ইসলামের মৌলিক শিক্ষা প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

যুক্তরাজ্য থেকে আরো পড়ুন