শিক্ষা-সাহিত্য

প্রাইভেট পড়ালে বন্ধ হতে পারে এমপিও

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬ ১৪:১৭

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেছেন, স্কুলের শিক্ষকদের প্রাইভেট পড়ানো বন্ধ করতে হবে। শিক্ষার্থীদের স্কুলের পড়া স্কুলেই শেষ করাতে হবে। প্রয়োজনে অতিরিক্ত ক্লাশের ব্যবস্থা করতে হবে। নির্দেশ অমান্য করে কোনো শিক্ষক প্রাইভেট পড়ালে তার এমপিও এবং প্রতিষ্ঠানের বরাদ্দ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

নাটোরের লালপুর উপজেলার একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় রাজনৈতিক নেতাদের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ফারজানা শারমিন পুতুল বলেন, বিগত সরকারের ১৭ বছরের ধ্বংস করা শিক্ষাব্যবস্থা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছি।

উপজেলার বরমহাটি সমবায় উচ্চ বিদ্যালয়, বিলায়েত খান উচ্চ বিদ্যালয়ে, ভেল্লাবাড়ীয় আলিম মাদ্রাসা, গোপালপুর ডিগ্রি কলেজ ও মোহরকয়া ডিগ্রি কলেজে মতবিনিময় সভায় স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিভিন্ন সমস্যা, শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থী-শিক্ষকদের বিভিন্ন বিষয় ও অভিভাবকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  

এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভ, ওসি মো. শফিকুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ পাপ্পু, গোপালপুর পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মলাম, বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যাপক সিদ্দিক আলী মিষ্টু প্রমুখ।

শিক্ষা-সাহিত্য থেকে আরো পড়ুন