আন্তর্জাতিক

আন্দোলনকারী কৃষক-শিক্ষকদের সব মামলা প্রত্যাহারের ঘোষণা

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬ ১১:৫৮

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জোসেফ বিজয় চন্দ্রশেখর শান্তিপূর্ণভাবে আন্দোলন করার কারণে কৃষক ও শিক্ষকদের বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত মামলা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। ২০২১ সালের মে থেকে ২০২৬ সালের এপ্রিলের মধ্যে জীবিকা, অধিকার ও যৌক্তিক দাবিতে করা আন্দোলনের জেরে এসব মামলা হয়েছিল। 


সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, মানবিক দিক বিবেচনা করে এবং গণতান্ত্রিক মূল্যবোধ বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

বিধানসভায় দেওয়া বক্তব্যে মুখ্যমন্ত্রী বিজয় বলেন, ‘পূর্ববর্তী সরকারের আমলে একাধিক মামলা দিয়ে গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছিল। আজও কৃষকরা ও শিক্ষকরা এসব মামলার কারণে ভোগান্তির শিকার হচ্ছেন। আমাদের সরকার গণতন্ত্রকে সম্মান করে, তাই মানবিক কারণে তাদের বিরুদ্ধে থাকা সব মামলা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ 

তিনি আরও বলেন, ‘আমাদের সরকার সবসময় কৃষক ও শিক্ষকদের ন্যায়সংগত দাবির পক্ষে থাকবে।’ 

তামিলনাড়ুর তিরুভান্নামালাইয়ে শিল্প পার্ক এবং পারন্দুরে প্রস্তাবিত বিমানবন্দরের বিরুদ্ধে কৃষকদের যে আন্দোলন হয়েছিল, তার জেরে অনেকের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছিল। এমনকি কিছু কৃষকের ওপর ‘গুন্ডা অ্যাক্ট’-ও প্রয়োগ করা হয়েছিল। 

মুখ্যমন্ত্রী জানান, এই মামলাগুলোও প্রত্যাহার করে নেওয়া হবে। তার মতে, এই পদক্ষেপে সাধারণ মানুষ ও সরকারের মধ্যকার পারস্পরিক আস্থা আরও বাড়াবে। 

এদিকে বিরোধীদলীয় নেতা উদয়নিধি স্ট্যালিন এই সিদ্ধান্তের পর কটাক্ষ করে বলেন, কৃষকদের মামলা তুলে নেওয়ার ঘটনা এটিই প্রথম নয়। এর আগে তাদের ডিএমকে সরকারের আমলেও সিএএ আইন ও অন্যান্য আন্দোলনের জেরে হওয়া ৫ হাজারের বেশি মামলা প্রত্যাহার করা হয়েছিল। 

এ ছাড়া বিধানসভায় চেন্নাই কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের চলমান আন্দোলন নিয়েও কথা হয়। স্থায়ী চাকরি, বেতন বৃদ্ধি ও অন্যান্য সুবিধার দাবিতে দুই হাজারের বেশি কর্মী ১৫ দিন ধরে আন্দোলন করছেন। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সমস্যার একটি শান্তিপূর্ণ সমাধানের জন্য তারা কাজ করছেন। 

আন্তর্জাতিক থেকে আরো পড়ুন